এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগবিস্তারিত
BEPZA College Family Chattogramহিসাববিজ্ঞান পাঠশালা ও শিক্ষা-সহায়ক অ্যাপমুহম্মদ জিয়াউর রহমান · সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান

অধ্যায় ৯: ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ — বোর্ড সৃজনশীল প্রশ্ন ও সমাধান (হিসাববিজ্ঞান ২য় পত্র)

অধ্যায় ৯: ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ — নমুনা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর

হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র · দ্বাদশ শ্রেণি · বোর্ড সৃজনশীল প্রশ্ন ও সমাধান · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)

কীভাবে ব্যবহার করবে: সৃজনশীল প্রশ্নে উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন থাকে — ক (২ নম্বর), খ (৪ নম্বর) ও গ (৪ নম্বর), মোট ১০ নম্বর। প্রতিটি প্রশ্ন আগে নিজে সমাধান করার চেষ্টা করো, তারপর “নমুনা উত্তর দেখো” বোতামে চাপ দাও। ৫টি প্রশ্নই বিভিন্ন শিক্ষা বোর্ডের প্রকৃত সৃজনশীল প্রশ্ন (২০১৮ ও ২০১৯)। প্রথম চারটির সমাধান স্যারের লেকচার শিটের; পঞ্চমটির সমাধান শিটে না থাকায় তা এই সাইটের জন্য তৈরি করা হয়েছে এবং ⚠ চিহ্ন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তাত্ত্বিক আলোচনার জন্য লেকচার শিটটি এবং অনুশীলনের জন্য বহুনির্বাচনি প্রশ্নগুলো দেখো।
“নিজেকে যাচাই করো” অংশ: প্রতিটি নমুনা প্রশ্নের পরে ঠিক একই ধরনের একটি করে অতিরিক্ত অনুশীলন প্রশ্ন উত্তর-সংকেতসহ দেওয়া আছে। এগুলো বোর্ড প্রশ্নের ধাঁচে তৈরি অনুশীলন প্রশ্ন — কোনো নির্দিষ্ট শিক্ষা বোর্ডের প্রশ্ন নয়।
সমস্যা ০১ · ঢাকা শিক্ষা বোর্ড ২০১৯

নাভানা ফার্নিচার-এর ডিসেম্বর ২০১৮ মাসের ব্যয় ও খরচসমূহ নিম্নরূপ:

বিবরণটাকা
প্রত্যক্ষ শ্রম৮০,০০০
ব্যবহৃত কাঁচামাল১,৩০,০০০
পরোক্ষ শ্রম২০,০০০
কারখানা উপযোগ খরচ১২,০০০
শোরুমের ভাড়া৮,০০০
কারখানা ব্যবস্থাপকের বেতন২০,০০০
সরবরাহ ট্রাকের অবচয়৬,০০০
বিজ্ঞাপন১৫,০০০
বিক্রয় অফিসের বেতন৩০,০০০
পরোক্ষ কাঁচামাল৮০,০০০
  • ক)মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খ)কারখানা উপরিব্যয়ের পরিমাণ নির্ণয় করো ও মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
ক নং প্রশ্নের উত্তর
মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়
বিবরণটাকা
ব্যবহৃত কাঁচামাল১,৩০,০০০
প্রত্যক্ষ শ্রম৮০,০০০
মুখ্য ব্যয়২,১০,০০০
খ নং প্রশ্নের উত্তর
কারখানা উপরিব্যয়ের পরিমাণ নির্ণয়
বিবরণটাকা
পরোক্ষ শ্রম২০,০০০
কারখানা উপযোগ খরচ১২,০০০
কারখানা ব্যবস্থাপকের বেতন২০,০০০
পরোক্ষ কাঁচামাল৮০,০০০
মোট কারখানা উপরিব্যয়১,৩২,০০০
মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়
বিবরণটাকা
মুখ্য ব্যয় (ক নং থেকে প্রাপ্ত)২,১০,০০০
মোট কারখানা উপরিব্যয় (খ নং থেকে প্রাপ্ত)১,৩২,০০০
মোট পণ্য ব্যয়৩,৪২,০০০
গ নং প্রশ্নের উত্তর
মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয়
বিবরণটাকা
শোরুমের ভাড়া৮,০০০
সরবরাহ ট্রাকের অবচয়৬,০০০
বিজ্ঞাপন খরচ১৫,০০০
বিক্রয় অফিসের বেতন৩০,০০০
মোট কালীন ব্যয়৫৯,০০০
পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার
= (কালীন ব্যয় ÷ পণ্য ব্যয়) × ১০০
= (৫৯,০০০ ÷ ৩,৪২,০০০) × ১০০ = ১৭.২৫%
মনে রেখো: কারখানা সংশ্লিষ্ট সব পরোক্ষ ব্যয় কারখানা উপরিব্যয়ে যায়; আর শোরুম, বিজ্ঞাপন, বিক্রয় অফিস ও ডেলিভারি সংক্রান্ত ব্যয় কালীন ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ শ্রম মিলে মুখ্য ব্যয়।
নিজেকে যাচাই করো

রিদম ফার্নিচার-এর ডিসেম্বর ২০২৪ মাসের ব্যয়সমূহ: প্রত্যক্ষ শ্রম ৬০,০০০ টাকা, ব্যবহৃত কাঁচামাল ১,১০,০০০ টাকা, পরোক্ষ শ্রম ১৫,০০০ টাকা, কারখানা উপযোগ খরচ ১০,০০০ টাকা, শোরুমের ভাড়া ৬,০০০ টাকা, কারখানা ব্যবস্থাপকের বেতন ১৮,০০০ টাকা, সরবরাহ ট্রাকের অবচয় ৪,০০০ টাকা, বিজ্ঞাপন ১২,০০০ টাকা, বিক্রয় অফিসের বেতন ২৫,০০০ টাকা ও পরোক্ষ কাঁচামাল ৫৭,০০০ টাকা।

  • ক)মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খ)কারখানা উপরিব্যয় ও মোট পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)মোট কালীন ব্যয় এবং পণ্য ব্যয়ের উপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
ক) মুখ্য ব্যয় = ১,১০,০০০ + ৬০,০০০ = ১,৭০,০০০ টাকা

খ) কারখানা উপরিব্যয় = ১৫,০০০ + ১০,০০০ + ১৮,০০০ + ৫৭,০০০ = ১,০০,০০০ টাকা। মোট পণ্য ব্যয় = ১,৭০,০০০ + ১,০০,০০০ = ২,৭০,০০০ টাকা

গ) কালীন ব্যয় = ৬,০০০ + ৪,০০০ + ১২,০০০ + ২৫,০০০ = ৪৭,০০০ টাকা। শতকরা হার = (৪৭,০০০ ÷ ২,৭০,০০০) × ১০০ = ১৭.৪১% (প্রায়)
সমস্যা ০২ · চট্টগ্রাম শিক্ষা বোর্ড ২০১৯

মুনা এন্ড কোং একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৮ সালের ডিসেম্বর মাসের ব্যয় নিম্নরূপ:

বিবরণটাকা
কারখানা ভাড়া৬,০০০
ব্যবহৃত কাঁচামাল৪০,০০০
কারখানা সুপারভাইজারের বেতন২০,০০০
প্রত্যক্ষ শ্রম১৫,০০০
কারখানার তাপ ও পানি বাবদ ব্যয়৩,০০০
সমাপনী তৈরি পণ্য৭,৫০০
কারখানা মেশিনের বার্ষিক অবচয়৩,৫০০
বিক্রীত পণ্যের ডেলিভারি ভ্যানের অবচয়১,৫০০
বিজ্ঞাপন খরচ১,৫০০
বিক্রয়১,১০,০০০
গুদামজাতকরণ কর্মীর বেতন৬,০০০
অফিস অভ্যর্থনাকারীর বেতন৪,৫০০
  • ক)কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খ)বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)২০১৮ সালের ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করো।
নমুনা উত্তর দেখো
ক নং প্রশ্নের উত্তর
কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয়
বিবরণটাকা
বিক্রীত পণ্যের ডেলিভারি ভ্যানের অবচয়১,৫০০
বিজ্ঞাপন খরচ১,৫০০
গুদামজাতকরণ কর্মীর বেতন৬,০০০
অফিস অভ্যর্থনাকারীর বেতন৪,৫০০
কালীন ব্যয়১৩,৫০০
খ নং প্রশ্নের উত্তর
মুনা এন্ড কোং
ব্যয় বিবরণী
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত মাসের জন্য
বিবরণটাকাটাকা
ব্যবহৃত কাঁচামাল৪০,০০০
যোগ: প্রত্যক্ষ শ্রম১৫,০০০
মুখ্য ব্যয়৫৫,০০০
যোগ: উৎপাদন উপরিব্যয়
কারখানা ভাড়া৬,০০০
কারখানা সুপারভাইজারের বেতন২০,০০০
কারখানার তাপ ও পানি বাবদ ব্যয়৩,০০০
কারখানা মেশিনের অবচয় (৩,৫০০ ÷ ১২)২৯২
মোট উৎপাদন উপরিব্যয়২৯,২৯২
উৎপাদন ব্যয় / উৎপাদিত পণ্যের ব্যয়৮৪,২৯২
বাদ: তৈরি পণ্যের সমাপনী মজুদ৭,৫০০
বিক্রীত পণ্যের ব্যয়৭৬,৭৯২
মেশিনের অবচয় বার্ষিক ৩,৫০০ টাকা দেওয়া আছে, কিন্তু হিসাবটি এক মাসের। তাই ৩,৫০০ ÷ ১২ = ২৯২ টাকা (প্রায়) নেওয়া হয়েছে — এ ধরনের সমন্বয় সবসময় খেয়াল রাখতে হবে।
গ নং প্রশ্নের উত্তর
মুনা এন্ড কোং
আয় বিবরণী
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত মাসের জন্য
বিবরণটাকাটাকা
বিক্রয়১,১০,০০০
বাদ: বিক্রীত পণ্যের ব্যয় (খ নং থেকে প্রাপ্ত)৭৬,৭৯২
মোট আয় / মুনাফা৩৩,২০৮
বাদ: বাণিজ্যিক / পরিচালন উপরিব্যয়
ক) অফিস ও প্রশাসনিক উপরিব্যয় — অফিস অভ্যর্থনাকারীর বেতন৪,৫০০
খ) বিক্রয় ও বণ্টন উপরিব্যয় — ডেলিভারি ভ্যানের অবচয় ১,৫০০ + বিজ্ঞাপন ১,৫০০ + গুদামজাতকরণ কর্মীর বেতন ৬,০০০৯,০০০১৩,৫০০
নিট আয় / মুনাফা১৯,৭০৮
নিজেকে যাচাই করো

সেঁজুতি এন্ড কোং-এর ২০২৫ সালের জানুয়ারি মাসের ব্যয়: কারখানা ভাড়া ৫,০০০ টাকা, ব্যবহৃত কাঁচামাল ৩৫,০০০ টাকা, কারখানা সুপারভাইজারের বেতন ১৫,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ১২,০০০ টাকা, কারখানার তাপ ও পানি ২,০০০ টাকা, সমাপনী তৈরি পণ্য ৬,০০০ টাকা, কারখানা মেশিনের বার্ষিক অবচয় ২,৪০০ টাকা, ডেলিভারি ভ্যানের অবচয় ১,২০০ টাকা, বিজ্ঞাপন ১,৩০০ টাকা, বিক্রয় ৯০,০০০ টাকা, গুদামজাতকরণ কর্মীর বেতন ৫,০০০ টাকা ও অফিস অভ্যর্থনাকারীর বেতন ৪,০০০ টাকা।

  • ক)কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খ)বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)জানুয়ারি মাসের আয় বিবরণী প্রস্তুত করো।
উত্তর সংকেত দেখো
ক) কালীন ব্যয় = ১,২০০ + ১,৩০০ + ৫,০০০ + ৪,০০০ = ১১,৫০০ টাকা

খ) মুখ্য ব্যয় = ৩৫,০০০ + ১২,০০০ = ৪৭,০০০ টাকা। উৎপাদন উপরিব্যয় = ৫,০০০ + ১৫,০০০ + ২,০০০ + (২,৪০০ ÷ ১২ = ২০০) = ২২,২০০ টাকা। উৎপাদন ব্যয় = ৬৯,২০০ টাকা; বাদ সমাপনী তৈরি পণ্য ৬,০০০ টাকা → বিক্রীত পণ্যের ব্যয় = ৬৩,২০০ টাকা

গ) মোট মুনাফা = ৯০,০০০ − ৬৩,২০০ = ২৬,৮০০ টাকা; বাদ কালীন ব্যয় ১১,৫০০ টাকা → নিট মুনাফা = ১৫,৩০০ টাকা
সমস্যা ০৩ · যশোর শিক্ষা বোর্ড ২০১৯

তালাশ লিমিটেড-এর উৎপাদন সংক্রান্ত তথ্য নিম্নরূপ:

বিবরণটাকা
কাঁচামালের মজুদ (০১-০১-২০১৮)৩০,০০০
কাঁচামাল ক্রয়৭০,০০০
কাঁচামালের মজুদ (৩১-১২-২০১৮)২০,০০০
প্রত্যক্ষ শ্রম১০,০০০
অন্যান্য প্রত্যক্ষ খরচ৭,০০০
অফিসের বেতন৩,০০০
কাঁচামালের বহন খরচ৫,০০০
বিক্রয় পরিবহন৬,০০০
যন্ত্রপাতির মেরামত ব্যয়১০,০০০
যন্ত্রপাতির অবচয়৫,০০০
আসবাবপত্র ক্রয়৬,০০০
বিক্রয়১,৮০,০০০
যন্ত্রপাতি ক্রয়৩০,০০০
অফিস খরচ১,০০০
বিজ্ঞাপন১,৫০০
অফিস ভাড়া২,৫০০
  • ক)উপরোক্ত তথ্যগুলো থেকে স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • খ)উদ্দীপকের আলোকে প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো।
  • গ)উদ্দীপকের তথ্যগুলো থেকে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং মোট ব্যয় ১,৭০,০০০ টাকা ধরে মোট ব্যয়ের ওপর পণ্য ব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
ক নং প্রশ্নের উত্তর
স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়
বিবরণটাকা
আসবাবপত্র ক্রয়৬,০০০
যন্ত্রপাতি ক্রয়৩০,০০০
মোট স্থায়ী সম্পদ৩৬,০০০
খ নং প্রশ্নের উত্তর
প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়
বিবরণটাকাটাকা
কাঁচামালের মজুদ (০১-০১-১৮)৩০,০০০
যোগ: কাঁচামাল ক্রয়৭০,০০০
যোগ: কাঁচামালের বহন খরচ৫,০০০৭৫,০০০
১,০৫,০০০
বাদ: কাঁচামালের মজুদ (৩১-১২-১৮)২০,০০০
ব্যবহৃত কাঁচামালের ব্যয়৮৫,০০০
যোগ: প্রত্যক্ষ শ্রম১০,০০০
যোগ: অন্যান্য প্রত্যক্ষ খরচ৭,০০০
মোট প্রত্যক্ষ খরচ (মুখ্য ব্যয়)১,০২,০০০
গ নং প্রশ্নের উত্তর
কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয়
বিবরণটাকাটাকা
অফিস ও প্রশাসনিক উপরিব্যয়:
অফিসের বেতন৩,০০০
অফিস খরচ১,০০০
অফিস ভাড়া২,৫০০৬,৫০০
বিক্রয় ও বণ্টন উপরিব্যয়:
বিক্রয় পরিবহন৬,০০০
বিজ্ঞাপন খরচ১,৫০০৭,৫০০
মোট কালীন ব্যয়১৪,০০০
মোট ব্যয় ১,৭০,০০০ টাকা ধরে মোট ব্যয়ের উপর পণ্য ব্যয়ের শতকরা হার
পণ্য ব্যয় = মোট ব্যয় − কালীন ব্যয় = ১,৭০,০০০ − ১৪,০০০ = ১,৫৬,০০০ টাকা
শতকরা হার = (১,৫৬,০০০ ÷ ১,৭০,০০০) × ১০০ = ৯১.৭৬% (প্রায়)
খেয়াল করো: যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় মূলধনজাতীয় ব্যয় — এগুলো স্থায়ী সম্পদ, কোনো মাসের ব্যয় নয়। আর কাঁচামালের বহন খরচ কাঁচামালের ক্রয়মূল্যের সাথেই যোগ হয়।
নিজেকে যাচাই করো

নকশা লিমিটেড-এর তথ্য: কাঁচামালের মজুদ (০১-০১) ২৫,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ৬০,০০০ টাকা, কাঁচামালের মজুদ (৩১-১২) ১৫,০০০ টাকা, প্রত্যক্ষ শ্রম ১২,০০০ টাকা, অন্যান্য প্রত্যক্ষ খরচ ৮,০০০ টাকা, অফিসের বেতন ৪,০০০ টাকা, কাঁচামালের বহন খরচ ৪,০০০ টাকা, বিক্রয় পরিবহন ৫,০০০ টাকা, যন্ত্রপাতির মেরামত ৯,০০০ টাকা, যন্ত্রপাতির অবচয় ৪,০০০ টাকা, আসবাবপত্র ক্রয় ৭,০০০ টাকা, বিক্রয় ১,৬০,০০০ টাকা, যন্ত্রপাতি ক্রয় ২৮,০০০ টাকা, অফিস খরচ ১,২০০ টাকা, বিজ্ঞাপন ১,৮০০ টাকা ও অফিস ভাড়া ৩,০০০ টাকা।

  • ক)স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • খ)প্রত্যক্ষ খরচ (মুখ্য ব্যয়)-এর পরিমাণ নির্ণয় করো।
  • গ)কালীন ব্যয় নির্ণয় করো এবং মোট ব্যয় ১,৫০,০০০ টাকা ধরে মোট ব্যয়ের উপর পণ্য ব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
ক) স্থায়ী সম্পদ = আসবাবপত্র ৭,০০০ + যন্ত্রপাতি ২৮,০০০ = ৩৫,০০০ টাকা

খ) ব্যবহৃত কাঁচামাল = ২৫,০০০ + (৬০,০০০ + ৪,০০০) − ১৫,০০০ = ৭৪,০০০ টাকা; যোগ প্রত্যক্ষ শ্রম ১২,০০০ ও অন্যান্য প্রত্যক্ষ খরচ ৮,০০০ → মুখ্য ব্যয় = ৯৪,০০০ টাকা

গ) কালীন ব্যয় = অফিস (৪,০০০ + ১,২০০ + ৩,০০০ = ৮,২০০) + বিক্রয় (৫,০০০ + ১,৮০০ = ৬,৮০০) = ১৫,০০০ টাকা। পণ্য ব্যয় = ১,৫০,০০০ − ১৫,০০০ = ১,৩৫,০০০ টাকা; শতকরা হার = (১,৩৫,০০০ ÷ ১,৫০,০০০) × ১০০ = ৯০%
সমস্যা ০৪ · দিনাজপুর শিক্ষা বোর্ড ২০১৯

হাদী লিমিটেড-এর মে ২০১৮ মাসের ব্যয় সংক্রান্ত তথ্য নিম্নরূপ:

বিবরণটাকা
কাঁচামাল ক্রয়১,৮০,০০০
উৎপাদন মজুরি১,৩৫,০০০
মেরামত ও রক্ষণাবেক্ষণ১১,০০০
কারখানা ভাড়া১,২০,০০০
অফিস ভাড়া৭২,০০০
অনাদায়ী পাওনা৭,০০০
ম্যানেজারের বেতন (৫০% অফিসের জন্য)২৪,০০০
ভ্রমণ খরচ৮,৫০০
অফিস খরচ৫,৫০০
দালানকোঠার অবচয়২৫,০০০
গ্যাস, পানি ও জ্বালানি (কারখানা)১৩,০০০
টেলিফোন বিল৩,৫০০
ইন্টারনেট বিল১৮,০০০
কারখানার কর্মচারীদের বেতন৬৬,০০০
শোরুম ভাড়া৪২,০০০
পরোক্ষ শ্রম৬,৫০০
  • ক)আধা-পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো।
  • খ)উদ্দীপকের আলোকে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)উদ্দীপকের তথ্যের ভিত্তিতে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
ক নং প্রশ্নের উত্তর
আধা-পরিবর্তনশীল ব্যয় নির্ণয়
বিবরণটাকা
মেরামত ও রক্ষণাবেক্ষণ১১,০০০
গ্যাস, পানি ও জ্বালানি১৩,০০০
টেলিফোন বিল৩,৫০০
মোট আধা-পরিবর্তনশীল ব্যয়২৭,৫০০
এই তিনটি ব্যয়ের প্রতিটিতেই একটা স্থির অংশ (ন্যূনতম বিল/চার্জ) এবং একটা পরিবর্তনশীল অংশ (ব্যবহারভিত্তিক) থাকে — তাই এগুলো আধা-পরিবর্তনশীল।
খ নং প্রশ্নের উত্তর
স্থায়ী ব্যয় নির্ণয়
বিবরণটাকা
কারখানা ভাড়া১,২০,০০০
অফিস ভাড়া৭২,০০০
ম্যানেজারের বেতন — কারখানা অংশ (৫০%)১২,০০০
ম্যানেজারের বেতন — অফিস অংশ (৫০%)১২,০০০
অফিস খরচ৫,৫০০
দালানকোঠার অবচয়২৫,০০০
কারখানার কর্মচারীদের বেতন৬৬,০০০
শোরুম ভাড়া৪২,০০০
ইন্টারনেট বিল১৮,০০০
পরোক্ষ শ্রম৬,৫০০
মোট স্থায়ী ব্যয়৩,৭৯,০০০
গ নং প্রশ্নের উত্তর
নিয়ন্ত্রণযোগ্য ব্যয় নির্ণয়
বিবরণটাকা
কাঁচামাল ক্রয়১,৮০,০০০
উৎপাদন মজুরি১,৩৫,০০০
অনাদায়ী পাওনা৭,০০০
ভ্রমণ খরচ৮,৫০০
মোট নিয়ন্ত্রণযোগ্য ব্যয়৩,৩০,৫০০
মনে রেখো: নিয়ন্ত্রণযোগ্য ব্যয় হলো সেগুলো, যেগুলোর পরিমাণ নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক স্বল্পমেয়াদে সিদ্ধান্ত নিয়ে কমাতে-বাড়াতে পারেন। চুক্তিবদ্ধ ভাড়া, বেতন বা অবচয়ের মতো ব্যয়গুলো স্বল্পমেয়াদে অনিয়ন্ত্রণযোগ্য।
নিজেকে যাচাই করো

তূর্য লিমিটেড-এর জুন ২০২৩ মাসের ব্যয়: কাঁচামাল ক্রয় ১,৫০,০০০ টাকা, উৎপাদন মজুরি ১,১০,০০০ টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ ৯,০০০ টাকা, কারখানা ভাড়া ১,০০,০০০ টাকা, অফিস ভাড়া ৬০,০০০ টাকা, অনাদায়ী পাওনা ৫,০০০ টাকা, ম্যানেজারের বেতন (৫০% অফিসের জন্য) ২০,০০০ টাকা, ভ্রমণ খরচ ৭,০০০ টাকা, অফিস খরচ ৪,০০০ টাকা, দালানকোঠার অবচয় ২০,০০০ টাকা, গ্যাস, পানি ও জ্বালানি (কারখানা) ১১,০০০ টাকা, টেলিফোন বিল ৩,০০০ টাকা, ইন্টারনেট বিল ১৫,০০০ টাকা, কারখানার কর্মচারীদের বেতন ৫৫,০০০ টাকা, শোরুম ভাড়া ৩৫,০০০ টাকা ও পরোক্ষ শ্রম ৬,০০০ টাকা।

  • ক)আধা-পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো।
  • খ)স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
ক) ৯,০০০ + ১১,০০০ + ৩,০০০ = ২৩,০০০ টাকা

খ) ১,০০,০০০ + ৬০,০০০ + ১০,০০০ + ১০,০০০ + ৪,০০০ + ২০,০০০ + ৫৫,০০০ + ৩৫,০০০ + ১৫,০০০ + ৬,০০০ = ৩,১৫,০০০ টাকা

গ) ১,৫০,০০০ + ১,১০,০০০ + ৫,০০০ + ৭,০০০ = ২,৭২,০০০ টাকা
সমস্যা ০৫ · ঢাকা, দিনাজপুর, যশোর ও সিলেট শিক্ষা বোর্ড ২০১৮

বি আর বি কেবলস লিমিটেড ১ জানুয়ারি ২০১৩ তারিখে ১,২৫,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মেশিনটির বইমূল্য দাঁড়ায় ৫০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ১০,০০০ টাকা। জানুয়ারি ২০১৭ মাসে প্রতিষ্ঠানটির ব্যয়সমূহ ছিল:

বিবরণটাকা
কাঁচামাল ক্রয়১,৮০,০০০
মজুরি১,৩৫,০০০
কারখানার উপরিব্যয়১১,০০০
কারখানা ভাড়া১,২০,০০০
অফিস ভাড়া৭২,০০০
অনাদায়ী পাওনা৭,০০০
  • ক)আধা-পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো।
  • খ)উদ্দীপকের আলোকে স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)উদ্দীপকের তথ্যের ভিত্তিতে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
⚠ সতর্কবার্তা: স্যারের যে প্রশ্নপত্র থেকে এই সমস্যাটি নেওয়া হয়েছে, সেখানে এই প্রশ্নটির কোনো সমাধান দেওয়া নেই — প্রশ্নের পরেই শিটটি শেষ হয়ে গেছে। নিচের সমাধানটি এই ওয়েবসাইটের জন্য তৈরি করা, কোনো শিক্ষা বোর্ডের প্রকাশিত উত্তর নয়। পরীক্ষার খাতায় লেখার আগে স্যারের সাথে একবার মিলিয়ে নিও।
ক নং প্রশ্নের উত্তর
আধা-পরিবর্তনশীল ব্যয় নির্ণয়
বিবরণটাকা
কারখানার উপরিব্যয়১১,০০০
মোট আধা-পরিবর্তনশীল ব্যয়১১,০০০
কারখানার উপরিব্যয়ের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি, মেরামতের মতো খরচ থাকে — যার একটা অংশ উৎপাদনের পরিমাণ নির্বিশেষে স্থির থাকে, আর একটা অংশ উৎপাদনের সাথে বাড়ে-কমে। তাই এটি আধা-পরিবর্তনশীল ব্যয়।
খ নং প্রশ্নের উত্তর
স্থায়ী ব্যয় নির্ণয়
বিবরণটাকা
কারখানা ভাড়া১,২০,০০০
অফিস ভাড়া৭২,০০০
মোট স্থায়ী ব্যয়১,৯২,০০০
ভাড়া চুক্তিভিত্তিক — উৎপাদন যতই হোক, মাস শেষে একই টাকা দিতে হয়। তাই এ দুটোই স্থায়ী ব্যয়।
গ নং প্রশ্নের উত্তর
নিয়ন্ত্রণযোগ্য ব্যয় নির্ণয়
বিবরণটাকা
কাঁচামাল ক্রয়১,৮০,০০০
মজুরি১,৩৫,০০০
অনাদায়ী পাওনা৭,০০০
মোট নিয়ন্ত্রণযোগ্য ব্যয়৩,২২,০০০
মেশিনের তথ্য থেকে নিমজ্জিত ব্যয় (Sunk Cost)
নিমজ্জিত ব্যয় = বইমূল্য − ভগ্নাবশেষ মূল্য = ৫০,০০০ − ১০,০০০ = ৪০,০০০ টাকা
এই ৪০,০০০ টাকা ইতোমধ্যে খরচ হয়ে গেছে; ভবিষ্যতের কোনো সিদ্ধান্তে এটি আর বদলানো যায় না — তাই এটি অনিয়ন্ত্রণযোগ্য ও সিদ্ধান্ত-অপ্রাসঙ্গিক ব্যয়।
উদ্দীপকের মেশিন সংক্রান্ত তথ্যটি মূল বোর্ড প্রশ্নের এমন একটি অংশের জন্য দেওয়া হয়েছিল বলে মনে হয়, যা স্যারের শিটে আসেনি। তাই নিমজ্জিত ব্যয়ের হিসাবটি আলাদা করে দেখিয়ে দেওয়া হলো — পরীক্ষায় এমন তথ্য থাকলে সেটিকে অবশ্যই কাজে লাগাতে হবে।
নিজেকে যাচাই করো

আলো ক্যাবলস লিমিটেড ১ জানুয়ারি ২০১৬ তারিখে ১,১০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে মেশিনটির বইমূল্য ৪০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৮,০০০ টাকা। ফেব্রুয়ারি ২০২২ মাসের ব্যয়সমূহ: কাঁচামাল ক্রয় ১,৬০,০০০ টাকা, মজুরি ১,২০,০০০ টাকা, কারখানার উপরিব্যয় ৯,০০০ টাকা, কারখানা ভাড়া ১,১০,০০০ টাকা, অফিস ভাড়া ৬৫,০০০ টাকা ও অনাদায়ী পাওনা ৬,০০০ টাকা।

  • ক)আধা-পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো।
  • খ)স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • গ)নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ এবং মেশিনটির নিমজ্জিত ব্যয় নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
ক) কারখানার উপরিব্যয় = ৯,০০০ টাকা

খ) ১,১০,০০০ + ৬৫,০০০ = ১,৭৫,০০০ টাকা

গ) নিয়ন্ত্রণযোগ্য ব্যয় = ১,৬০,০০০ + ১,২০,০০০ + ৬,০০০ = ২,৮৬,০০০ টাকা; নিমজ্জিত ব্যয় = ৪০,০০০ − ৮,০০০ = ৩২,০০০ টাকা
ব্যয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে নম্বর হারানোর সবচেয়ে বড় কারণ হলো ব্যয়গুলোকে ভুল ঘরে বসানো। তাই সমাধান শুরু করার আগে প্রতিটি খরচের পাশে পেনসিল দিয়ে লিখে ফেলো — এটা কি কারখানার, নাকি অফিসের, নাকি বিক্রয়ের? এটা কি স্থায়ী, পরিবর্তনশীল, নাকি আধা-পরিবর্তনশীল? এই দুটি প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারলে বাকি হিসাব নিজে থেকেই মিলে যাবে।

আর মনে রেখো — যন্ত্রপাতি বা আসবাবপত্র ক্রয় কখনোই মাসের ব্যয় নয়, ওগুলো স্থায়ী সম্পদ; কাঁচামালের বহন খরচ কাঁচামালের ক্রয়মূল্যের সাথেই যোগ হয়; আর নিমজ্জিত ব্যয় কোনো সিদ্ধান্তেই বিবেচনায় আসে না।

প্রতিটি প্রশ্নের নিচে যে নিজেকে যাচাই করো অংশটি আছে, সেটি আগে নিজে খাতায় করো — তারপর উত্তর সংকেত খুলে মিলিয়ে নাও। নিজে না করে উত্তর দেখলে প্রশ্নটা পড়া হয়, কিন্তু শেখা হয় না।

— মুহম্মদ জিয়াউর রহমান
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড।
📌 অধ্যায় ৯ · ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ — কোন বছরের বোর্ড প্রশ্ন অনুশীলন করবে

তোমরা যারা এখন দ্বাদশ শ্রেণিতে পড়ছ, তাদের এইচএসসি পরীক্ষা ২০২৭ সালে। তাই বিগত ৩–৪ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করাই সবচেয়ে বেশি কাজে দেবে। এই অধ্যায়ের জন্য নিচের প্রশ্নপত্রগুলো ধারাবাহিকভাবে চর্চা করো —

  • ২০২৬ সাল: এ বছর সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়েছে — অর্থাৎ একটিমাত্র প্রশ্নপত্র। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। দুটি প্রশ্নপত্রই সমাধান করবে।
  • ২০২৫ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।
  • ২০২৪ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।
মনে রাখবে: ২০২৬ সালে নিয়মিত পরীক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসে এবং অনিয়মিত পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে।
একটি বিশেষ পরামর্শ: ২০২০ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হওয়ায় বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান ২য় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, নগদ প্রবাহ বিবরণীব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি — এই তিনটি অধ্যায়ের প্রশ্ন নেই। ওই তিনটি অধ্যায়ের জন্য ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের বোর্ড প্রশ্নগুলো চর্চা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

🔍 খুঁজুন

🆕 সর্বশেষ পোস্ট

লোড হচ্ছে…

📘 ফেসবুকে যুক্ত থাকো

HSC Accounting — MZRকলেজের ফেসবুক পেজ

ℹ️ এই সাইট সম্পর্কে

এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয় — বেপজা পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগ। দাপ্তরিক তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। বিস্তারিত