এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগবিস্তারিত
BEPZA College Family Chattogramহিসাববিজ্ঞান পাঠশালা ও শিক্ষা-সহায়ক অ্যাপমুহম্মদ জিয়াউর রহমান · সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান

অধ্যায় ৬: আর্থিক বিবরণী বিশ্লেষণ — নমুনা সৃজনশীল প্রশ্ন ও উত্তর (হিসাববিজ্ঞান ২য় পত্র)

অধ্যায় ৬: আর্থিক বিবরণী বিশ্লেষণ — নমুনা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর

হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র · একাদশ/দ্বাদশ শ্রেণি · পর্ব-০৩ (পাঠ পরিকল্পনা-০৩ অনুসারে) · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)

কীভাবে ব্যবহার করবে: প্রতিটি প্রশ্ন আগে নিজে সমাধান করার চেষ্টা করো, তারপর “নমুনা উত্তর দেখো” বোতামে চাপ দাও। প্রতিটি অনুপাতের সূত্র, মান নির্ণয় ও গণনাকার্য আলাদা কলামে দেখানো হয়েছে — পরীক্ষার খাতায় ঠিক এভাবেই লিখবে।
“নিজেকে যাচাই করো” অংশ: প্রতিটি নমুনা প্রশ্নের পরে ঠিক একই ধরনের একটি করে অতিরিক্ত অনুশীলন প্রশ্ন উত্তর-সংকেতসহ দেওয়া আছে। এগুলো বোর্ড প্রশ্নের ধাঁচে তৈরি অনুশীলন প্রশ্ন — কোনো নির্দিষ্ট শিক্ষা বোর্ডের প্রশ্ন নয়। আসল বোর্ড প্রশ্নের জন্য পোস্টের শেষে দেওয়া পরামর্শ দেখো।
নমুনা প্রশ্ন ০১ চলতি মূলধন · তারল্য · মুনাফা
একতা কোম্পানি লিমিটেড-এর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখের সম্পদ, দায় ও অন্যান্য তথ্য নিচে দেয়া হলো:
শেয়ার মূলধন৩,০০০ টাকাপ্রাপ্য হিসাব৪,৮০০ টাকা
প্রদেয় হিসাব৪,৮০০ টাকাব্যাংকে নগদ১,৫০০ টাকা
প্রদেয় নোট৩০০ টাকাপ্রাপ্য নোট৬০০ টাকা
ব্যাংক জমাতিরিক্ত১,২০০ টাকামজুদ পণ্য১২,০০০ টাকা
সারা বছরের মোট বিক্রয় ৬০,০০০ টাকা (৮০% বাকীতে)। নিট মুনাফা মোট ব্যয়ের ২০%।
  • ক)চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • খ)চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো।
  • গ)নিট মুনাফা অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
১(ক) নং প্রশ্নের উত্তর
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
চলতি মূলধন
= চলতি সম্পদ − চলতি দায়
= ১৮,৯০০ টাকা − ৬,৩০০ টাকা
= ১২,৬০০ টাকা
এখানে,
চলতি সম্পদ
= মজুদ পণ্য + প্রাপ্য হিসাব + ব্যাংকে নগদ + প্রাপ্য নোট
= ১২,০০০ + ৪,৮০০ + ১,৫০০ + ৬০০
= ১৮,৯০০ টাকা
চলতি দায়
= প্রদেয় হিসাব + প্রদেয় নোট + ব্যাংক জমাতিরিক্ত
= ৪,৮০০ + ৩০০ + ১,২০০
= ৬,৩০০ টাকা
বিশেষ নোট: ‘চলতি মূলধন’-কে ‘কার্যকরী মূলধন’ও বলা হয়।
১(খ) নং প্রশ্নের উত্তর
(১) চলতি অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
চলতি অনুপাত
= চলতি সম্পদ ÷ চলতি দায়
= ১৮,৯০০ ÷ ৬,৩০০
= ৩ : ১
প্রদত্ত সমস্যায়,
গণনা ১(ক) অনুসারে —
চলতি সম্পদ ১৮,৯০০ টাকা
এবং চলতি দায় ৬,৩০০ টাকা
(২) ত্বরিত অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
ত্বরিত অনুপাত
= ত্বরিত সম্পদ ÷ চলতি দায়
= ৬,৯০০ ÷ ৬,৩০০
= ১.১০ : ১ (প্রায়)
প্রদত্ত সমস্যায়,
ত্বরিত সম্পদ
= চলতি সম্পদ − মজুদ পণ্য
= ১৮,৯০০ টাকা − ১২,০০০ টাকা
= ৬,৯০০ টাকা
এবং চলতি দায় ৬,৩০০ টাকা
বিশেষ নোট: ত্বরিত সম্পদকে তরল / তারল্য / দ্রুত সম্পদও বলা হয়। সাধারণত চলতি সম্পদে অন্তর্ভুক্ত যে সকল সম্পদ দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় না সেগুলি বাদ দিলে ত্বরিত সম্পদ পাওয়া যায়। সমাপনী মজুদ পণ্য, অগ্রিম খরচ সমূহ, অনাদায়ী আয়সমূহ ও অব্যবহৃত মনিহারি/সাপ্লাইজ ইত্যাদি চলতি সম্পদ দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায় না বিধায় এটি ত্বরিত সম্পদ নির্ণয়ের সময় বিবেচনায় আনা হয় না।
১(গ) নং প্রশ্নের উত্তর
(১) নিট মুনাফা অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
নিট মুনাফা অনুপাত
= (নিট মুনাফা ÷ নিট বিক্রয়) × ১০০
= (১০,০০০ ÷ ৬০,০০০) × ১০০
= ১৬.৬৭% (প্রায়)
এখানে, নিট বিক্রয় ৬০,০০০ টাকা
এবং নিট মুনাফা = মোট ব্যয় × ২০/১০০
= ৫০,০০০ টাকা × ২০/১০০
= ১০,০০০ টাকা
(২) মজুদ আবর্তন অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
মজুদ আবর্তন অনুপাত
= বিক্রীত পণ্যের ব্যয় ÷ গড় মজুদ পণ্য
= ৫০,০০০ ÷ ১২,০০০
= ৪.১৭ গুণ (প্রায়)
প্রশ্নমতে, নিট মুনাফা মোট ব্যয়ের ২০%।
মনেকরি, মোট ব্যয় ১০০ টাকা।
নিট মুনাফা ২০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা।
বিক্রীত পণ্যের ব্যয় = বিক্রয় × ১০০/১২০
= ৬০,০০০ টাকা × ১০০/১২০ = ৫০,০০০ টাকা
সমাপনী মজুদ পণ্য ১২,০০০ টাকা।
টীকা: গড় মজুদ নির্ণয় করা সম্ভব নয় বিধায় বিক্রীত পণ্যের ব্যয় ও সমাপনী মজুদ পণ্যের ভিত্তিতে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করা হয়েছে।
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০১

প্রগতি কোম্পানি লিমিটেড-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের সম্পদ, দায় ও অন্যান্য তথ্য: শেয়ার মূলধন ৫,০০০ টাকা; প্রদেয় হিসাব ৬,০০০ টাকা; প্রদেয় নোট ১,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২,০০০ টাকা; মজুদ পণ্য ১৫,০০০ টাকা; প্রাপ্য হিসাব ৬,০০০ টাকা; ব্যাংকে নগদ ২,০০০ টাকা; প্রাপ্য নোট ১,০০০ টাকা। সারা বছরের মোট বিক্রয় ৭২,০০০ টাকা (৭৫% বাকিতে)। নিট মুনাফা মোট ব্যয়ের ২০%।

  • ক)চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • খ)চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো।
  • গ)নিট মুনাফা অনুপাত ও মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
চলতি সম্পদ = ১৫,০০০ + ৬,০০০ + ২,০০০ + ১,০০০ = ২৪,০০০ টাকা; চলতি দায় = ৬,০০০ + ১,০০০ + ২,০০০ = ৯,০০০ টাকা।
(ক) চলতি মূলধন = ২৪,০০০ − ৯,০০০ = ১৫,০০০ টাকা
(খ) চলতি অনুপাত = ২৪,০০০ ÷ ৯,০০০ = ২.৬৭ : ১ (প্রায়); ত্বরিত সম্পদ = ২৪,০০০ − ১৫,০০০ = ৯,০০০ টাকা; ত্বরিত অনুপাত = ৯,০০০ ÷ ৯,০০০ = ১ : ১
(গ) মোট ব্যয় = ৭২,০০০ × ১০০/১২০ = ৬০,০০০ টাকা; নিট মুনাফা = ৬০,০০০ × ২০% = ১২,০০০ টাকা; নিট মুনাফা অনুপাত = ১২,০০০ ÷ ৭২,০০০ × ১০০ = ১৬.৬৭% (প্রায়)
বিক্রীত পণ্যের ব্যয় = ৭২,০০০ × ১০০/১২০ = ৬০,০০০ টাকা; মজুদ আবর্তন অনুপাত = ৬০,০০০ ÷ ১৫,০০০ = ৪ গুণ
নমুনা প্রশ্ন ০২ বিক্রীত পণ্যের ব্যয় · বিনিয়োজিত মূলধন
সাইমুন কোম্পানি লিমিটেড-এর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্যাদি নিচে দেয়া হলো:
হিসাবের নামটাকা
সম্পত্তিসমূহ:
স্থায়ী সম্পদ
চলতি সম্পদ (মজুদ পণ্য ৭,০০০ টাকা ও অগ্রিম খরচ ৫০০ টাকাসহ)
প্রাথমিক খরচাবলি

১,৬০,০০০
৮০,০০০
২,৪০০
মোট =২,৪২,৪০০
মূলধন ও দায়সমূহ:
শেয়ার মূলধন
সংরক্ষিত আয়
১০% ঋণপত্র
চলতি দায়

১,৪০,০০০
৩৫,৯০০
৩৫,০০০
৩১,৫০০
মোট =২,৪২,৪০০
অন্যান্য তথ্যাবলি: ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ছিল ২,৫০০ টাকা যা চলতি দায়ের অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের মোট মুনাফা ১৮,০০০ টাকা, নিট মুনাফা ৯,০০০ টাকা এবং নিট বিক্রয় ৭২,০০০ টাকা।
  • ক)বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • খ)ত্বরিত সম্পদ ও কার্যকরী মূলধন নির্ণয় করো।
  • গ)বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
২(ক) নং প্রশ্নের উত্তর
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য
বিক্রিত পণ্যের ব্যয়
= নিট বিক্রয় − মোট মুনাফা
= ৭২,০০০ টাকা − ১৮,০০০ টাকা
= ৫৪,০০০ টাকা
দেয়া আছে,
নিট বিক্রয় ৭২,০০০ টাকা
এবং
মোট মুনাফা ১৮,০০০ টাকা
বিশেষ নোট: বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় একাধিক সূত্র ব্যবহার করা হয়। সমস্যা দেখে ঠিক করতে হবে কোন সূত্রটি ব্যবহার করে এটি নির্ণয় করা যাবে। অন্যান্য সূত্রগুলি হলো —
(i) বিক্রিত পণ্যের ব্যয় = নিট বিক্রয় + মোট ক্ষতি
(ii) = প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় + ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ − সমাপনী মজুদ
(iii) = বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় − সমাপনী মজুদ
(iv) = সমন্বিত ক্রয় + ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ
(v) = নিট বিক্রয় × বিক্রয়ের ওপর বিক্রিত পণ্যের ব্যয়ের হার
২(খ) নং প্রশ্নের উত্তর
ত্বরিত সম্পদ নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য
ত্বরিত সম্পদ
= চলতি সম্পদ − (সমাপনী মজুদ পণ্য + অগ্রিম খরচ)
= ৮০,০০০ − (৭,০০০ + ৫০০) টাকা
= ৮০,০০০ টাকা − ৭,৫০০ টাকা
= ৭২,৫০০ টাকা
দেয়া আছে,
চলতি সম্পদ ৮০,০০০ টাকা
মজুদ পণ্য ৭,০০০ টাকা
অগ্রিম খরচ ৫০০ টাকা
কার্যকরী মূলধন নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য
কার্যকরী মূলধন
= চলতি সম্পদ − চলতি দায়
= ৮০,০০০ টাকা − ৩১,৫০০ টাকা
= ৪৮,৫০০ টাকা
দেয়া আছে,
চলতি সম্পদ ৮০,০০০ টাকা
এবং
চলতি দায় ৩১,৫০০ টাকা
বি. দ্র. চলতি সম্পদ ৮০,০০০ টাকা থেকে মজুদ পণ্য ৭,০০০ টাকা ও অগ্রিম খরচ ৫০০ টাকা বাদ দিতে হবে না, কারণ এগুলি চলতি সম্পদ। অন্যদিকে, চলতি দায় ৩১,৫০০ টাকা থেকে ব্যাংক জমাতিরিক্ত ২,৫০০ টাকা বাদ দিতে হবে না, কারণ এটি চলতি দায়।
২(গ) নং প্রশ্নের উত্তর
বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য
বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত
= (নিট মুনাফা ÷ বিনিয়োজিত মূলধন) × ১০০
= (৯,০০০ ÷ ২,০৮,৫০০) × ১০০
= ৪.৩২% (প্রায়)
দেয়া আছে, নিট মুনাফা ৯,০০০ টাকা
এবং বিনিয়োজিত মূলধন
= মোট সম্পত্তি − অলীক সম্পত্তি − চলতি দায়
= ২,৪২,৪০০ − ২,৪০০ − ৩১,৫০০
= ২,০৮,৫০০ টাকা
বিশেষ নোট: বিনিয়োজিত মূলধন নির্ণয়ের সময় একাধিক সূত্র ব্যবহার করা হয়। অন্যান্য সূত্রগুলি হলো —
(i) বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি বা, মালিকানাস্বত্ব ও মোট দায়
(ii) = নিট সম্পত্তি − চলতি দায়
(iii) = নিট সম্পত্তি − দীর্ঘমেয়াদি বিনিয়োগ − চলতি দায়
(iv) = শেয়ার মূলধন + সাধারণ সঞ্চিতি + শেয়ার অধিহার + মূলধন সঞ্চিতি + সংরক্ষিত আয় − অলীক সম্পদ
(v) = মালিকানাস্বত্ব ও মোট দায় − চলতি দায় − অলীক সম্পত্তি ইত্যাদি।
উল্লেখ্য, উপরের সমস্যা সমাধানে ব্যবহৃত সূত্রটিসহ প্রথম ৩টি সূত্র সম্পদের ভিত্তিতে এবং পরের ২টি সূত্র দায়ের ভিত্তিতে বিনিয়োজিত মূলধন নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
দায়-মালিকানা অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য
দায়-মালিকানা অনুপাত
= মোট বহির্দায় ÷ শেয়ার মালিকানা তহবিল
= ৬৬,৫০০ ÷ ১,৭৫,৯০০
= ০.৩৮ : ১ (প্রায়)
এখানে, মোট বহির্দায়
= দীর্ঘমেয়াদি দায় + চলতি দায় [দীর্ঘমেয়াদি দায় = ১০% ঋণপত্র]
= ৩৫,০০০ টাকা + ৩১,৫০০ টাকা = ৬৬,৫০০ টাকা
শেয়ার মালিকানা তহবিল
= শেয়ার মূলধন + সংরক্ষিত আয়
= ১,৪০,০০০ টাকা + ৩৫,৯০০ টাকা
= ১,৭৫,৯০০ টাকা
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০২

আয়েশা কোম্পানি লিমিটেড-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী — সম্পত্তিসমূহ: স্থায়ী সম্পদ ২,০০,০০০ টাকা; চলতি সম্পদ (মজুদ পণ্য ১০,০০০ টাকা ও অগ্রিম খরচ ২,০০০ টাকাসহ) ১,০০,০০০ টাকা; প্রাথমিক খরচাবলি ৫,০০০ টাকা; মোট ৩,০৫,০০০ টাকা। মূলধন ও দায়সমূহ: শেয়ার মূলধন ১,৮০,০০০ টাকা; সংরক্ষিত আয় ৪০,০০০ টাকা; ১২% ঋণপত্র ৪৫,০০০ টাকা; চলতি দায় ৪০,০০০ টাকা; মোট ৩,০৫,০০০ টাকা। অন্যান্য তথ্য: মোট মুনাফা ২৫,০০০ টাকা, নিট মুনাফা ১৩,০০০ টাকা এবং নিট বিক্রয় ১,০০,০০০ টাকা।

  • ক)বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • খ)ত্বরিত সম্পদ ও কার্যকরী মূলধন নির্ণয় করো।
  • গ)বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
(ক) বিক্রিত পণ্যের ব্যয় = নিট বিক্রয় − মোট মুনাফা = ১,০০,০০০ − ২৫,০০০ = ৭৫,০০০ টাকা
(খ) ত্বরিত সম্পদ = ১,০০,০০০ − (১০,০০০ + ২,০০০) = ৮৮,০০০ টাকা; কার্যকরী মূলধন = ১,০০,০০০ − ৪০,০০০ = ৬০,০০০ টাকা
(গ) বিনিয়োজিত মূলধন = ৩,০৫,০০০ − ৫,০০০ (অলীক সম্পত্তি) − ৪০,০০০ (চলতি দায়) = ২,৬০,০০০ টাকা; আয় অনুপাত = ১৩,০০০ ÷ ২,৬০,০০০ × ১০০ = ৫%
মোট বহির্দায় = ৪৫,০০০ + ৪০,০০০ = ৮৫,০০০ টাকা; শেয়ার মালিকানা তহবিল = ১,৮০,০০০ + ৪০,০০০ = ২,২০,০০০ টাকা; দায়-মালিকানা অনুপাত = ৮৫,০০০ ÷ ২,২০,০০০ = ০.৩৯ : ১ (প্রায়)
নমুনা প্রশ্ন ০৩ স্থায়ী সম্পত্তি · তারল্য · মালিকানা
সুরঞ্জনা লিমিটেড-এর আর্থিক অবস্থার বিবরণী নিচে দেয়া হলো:
মূলধন ও দায়সমূহটাকাসম্পত্তি ও পরিসম্পদটাকা
শেয়ার মূলধন৫০,০০০সুনাম২০,০০০
১০% বন্ড৩০,০০০ভূমি ও দালান-কোঠা৫০,০০০
প্রদেয় হিসাব১৬,০০০আসবাবপত্র১০,০০০
প্রদেয় নোট৮,০০০মজুদ পণ্য১২,০০০
আয়কর প্রভিশন৩,০০০৮% বিনিয়োগ (স্বল্পমেয়াদী)৫,০০০
সাধারণ সঞ্চিতি৯,০০০প্রাপ্য হিসাব১৫,০০০
রক্ষিত আয়৪,০০০ব্যাংকে নগদ৮,০০০
মোট =১,২০,০০০১,২০,০০০
  • ক)স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
  • খ)চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো।
  • গ)দায়-মালিকানা অনুপাত ও মালিকানা-মোট সম্পত্তি অনুপাত নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
৩(ক) নং প্রশ্নের উত্তর
সূত্র ও মান নির্ণয়গণনা কার্য
স্থায়ী সম্পত্তি
= সুনাম + ভূমি ও দালানকোঠা + আসবাবপত্র
= ২০,০০০ + ৫০,০০০ + ১০,০০০
= ৮০,০০০ টাকা
প্রশ্নমতে,
সুনাম ২০,০০০ টাকা
ভূমি ও দালানকোঠা ৫০,০০০ টাকা এবং
আসবাবপত্র ১০,০০০ টাকা
৩(খ) নং প্রশ্নের উত্তর
চলতি অনুপাত নির্ণয়:
সূত্র ও অনুপাত নির্ণয়গণনা কার্য ও টাকা
চলতি অনুপাত
= চলতি সম্পদ ÷ চলতি দায়
= ৪০,০০০ ÷ ২৭,০০০
= ১.৪৮ : ১ (প্রায়)
এখানে, চলতি সম্পদ
= মজুদ পণ্য + প্রাপ্য হিসাব + ব্যাংকে নগদ + ৮% বিনিয়োগ
= ১২,০০০ + ১৫,০০০ + ৮,০০০ + ৫,০০০
= ৪০,০০০ টাকা এবং
চলতি দায় = প্রদেয় হিসাব + প্রদেয় নোট + আয়কর প্রভিশন
= ১৬,০০০ + ৮,০০০ + ৩,০০০
= ২৭,০০০ টাকা
ত্বরিত অনুপাত নির্ণয়:
সূত্র ও অনুপাত নির্ণয়গণনা কার্য ও টাকা
ত্বরিত অনুপাত
= ত্বরিত সম্পদ ÷ চলতি দায়
= ২৮,০০০ ÷ ২৭,০০০
= ১.০৪ : ১ (প্রায়)
এখানে, ত্বরিত সম্পদ
= চলতি সম্পদ − মজুদ পণ্য
= ৪০,০০০ টাকা − ১২,০০০ টাকা
= ২৮,০০০ টাকা
চলতি দায় = ২৭,০০০ টাকা
৩(গ) নং প্রশ্নের উত্তর
দায়-মালিকানা অনুপাত নির্ণয়:
সূত্র ও অনুপাত নির্ণয়গণনা কার্য ও টাকা
দায়-মালিকানা অনুপাত
= মোট বহির্দায় ÷ শেয়ার মালিকানা তহবিল
= ৩২,০০০ ÷ ৪৩,০০০
= ০.৭৪ : ১ (প্রায়)
এখানে, মোট বহির্দায়
= চলতি দায় + দীর্ঘমেয়াদী দায় (১০% বন্ড)
= ২৭,০০০ টাকা + ৫,০০০ টাকা = ৩২,০০০ টাকা
শেয়ার মালিকানা তহবিল
= শেয়ার মূলধন + সাধারণ সঞ্চিতি + রক্ষিত আয় − সুনাম
= ৫০,০০০ + ৯,০০০ + ৪,০০০ − ২০,০০০
= ৪৩,০০০ টাকা
যাচাই প্রয়োজন: উৎস নথিতে মোট বহির্দায় নির্ণয়ে দীর্ঘমেয়াদী দায় হিসেবে ৫,০০০ টাকা ধরা হয়েছে, অথচ বিবরণীতে ১০% বন্ড ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা ধরলে মোট বহির্দায় ৫৭,০০০ টাকা এবং অনুপাত দাঁড়ায় ১.৩৩ : ১ (প্রায়)। উৎস নথির সংখ্যাটি হুবহু রাখা হলো — সঠিকটি স্যারের কাছ থেকে জেনে নিও।
বিশেষ নোট: সুনামকে মূল্যায়নের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে মনেকরে, অর্থাৎ মূল্যহীন বা অলীক সম্পদ বিবেচনা করে মালিকানা তহবিল থেকে বাদ দেয়া হয়েছে। সুনামের মূল্য আছে মনেকরে সমস্যাটি সমাধান করা যাবে; সেইক্ষেত্রে এটি মোট সম্পদ থেকে অলীক সম্পদ হিসাবে বাদ দেয়া যাবে না।
মালিকানা-মোট সম্পত্তি অনুপাত নির্ণয়:
সূত্র ও অনুপাত নির্ণয়গণনা কার্য ও টাকা
মালিকানা-মোট সম্পত্তি অনুপাত
= শেয়ার মালিকানা তহবিল ÷ নিট সম্পত্তি
= ৪৩,০০০ ÷ ১,০০,০০০
= ০.৪৩ : ১
এখানে,
নিট সম্পত্তি = মোট সম্পত্তি − সুনাম
= ১,২০,০০০ টাকা − ২০,০০০ টাকা
= ১,০০,০০০ টাকা
এবং
শেয়ার মালিকানা তহবিল ৪৩,০০০ টাকা
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০৩

মেঘনা লিমিটেড-এর আর্থিক অবস্থার বিবরণী — মূলধন ও দায়সমূহ: শেয়ার মূলধন ৬০,০০০; ১২% বন্ড ২০,০০০; প্রদেয় হিসাব ১৪,০০০; প্রদেয় নোট ৬,০০০; আয়কর প্রভিশন ৪,০০০; সাধারণ সঞ্চিতি ১০,০০০; রক্ষিত আয় ৬,০০০; মোট ১,২০,০০০ টাকা। সম্পত্তি ও পরিসম্পদ: সুনাম ১৫,০০০; ভূমি ও দালানকোঠা ৪৫,০০০; আসবাবপত্র ১২,০০০; মজুদ পণ্য ১৮,০০০; ১০% বিনিয়োগ (স্বল্পমেয়াদি) ৬,০০০; প্রাপ্য হিসাব ১৬,০০০; ব্যাংকে নগদ ৮,০০০; মোট ১,২০,০০০ টাকা।

  • ক)স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
  • খ)চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো।
  • গ)দায়-মালিকানা অনুপাত ও মালিকানা-মোট সম্পত্তি অনুপাত নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
(ক) স্থায়ী সম্পত্তি = সুনাম + ভূমি ও দালানকোঠা + আসবাবপত্র = ১৫,০০০ + ৪৫,০০০ + ১২,০০০ = ৭২,০০০ টাকা
(খ) চলতি সম্পদ = ১৮,০০০ + ৬,০০০ + ১৬,০০০ + ৮,০০০ = ৪৮,০০০ টাকা; চলতি দায় = ১৪,০০০ + ৬,০০০ + ৪,০০০ = ২৪,০০০ টাকা; চলতি অনুপাত = ২ : ১
ত্বরিত সম্পদ = ৪৮,০০০ − ১৮,০০০ = ৩০,০০০ টাকা; ত্বরিত অনুপাত = ৩০,০০০ ÷ ২৪,০০০ = ১.২৫ : ১
(গ) মোট বহির্দায় = ২৪,০০০ + ২০,০০০ = ৪৪,০০০ টাকা; শেয়ার মালিকানা তহবিল = ৬০,০০০ + ১০,০০০ + ৬,০০০ − ১৫,০০০ (সুনাম) = ৬১,০০০ টাকা; দায়-মালিকানা অনুপাত = ৪৪,০০০ ÷ ৬১,০০০ = ০.৭২ : ১ (প্রায়)
নিট সম্পত্তি = ১,২০,০০০ − ১৫,০০০ = ১,০৫,০০০ টাকা; মালিকানা-মোট সম্পত্তি অনুপাত = ৬১,০০০ ÷ ১,০৫,০০০ = ০.৫৮ : ১ (প্রায়)
নমুনা প্রশ্ন ০৪ অলীক সম্পদ · মুনাফা ও আবর্তন
আনাজ লিমিটেড-এর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো:
সম্পদসমূহটাকামূলধন ও দায়সমূহটাকা
আসবাবপত্র৪৬,০০০ব্যাংক জমাতিরিক্ত১৩,০০০
মোটর গাড়ি৯১,৫০০বকেয়া মজুরি৪,৫০০
মজুদ পণ্য১৪,০০০প্রদেয় হিসাব৩৮,০০০
প্রাপ্য হিসাব৪৫,০০০প্রদেয় নোট১৫,৬০০
নগদ তহবিল২৯,০০০১২% ডিবেঞ্চার৫৮,০০০
অবলেখকের দস্তুরি৭,০০০সংরক্ষিত আয়১৫,০০০
প্রাথমিক খরচাবলি৮,৫০০সঞ্চিতি তহবিল১৬,৯০০
অতিরিক্ত পরিশোধিত মূলধন১০,০০০
শেয়ার মূলধন৭০,০০০
মোট =২,৪১,০০০মোট =২,৪১,০০০
অন্যান্য তথ্য: মোট বিক্রয় ১,৮০,০০০ টাকা, যার মধ্যে ৬০% ধারে বিক্রয়। বিক্রিত পণ্যের ব্যয় ১,০৬,০০০ টাকা এবং পরিচালন খরচ ৮,৪০০ টাকা। কোম্পানি ৩০% হারে আয়কর প্রদান করে থাকে।
  • ক)অলীক সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • খ)মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো।
  • গ)কার্যকরী মূলধন আবর্তন অনুপাত ও বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করো।
নমুনা উত্তর দেখো
৪(ক) নং প্রশ্নের উত্তর
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য
অলীক সম্পদ
= অবলেখকের দস্তুরি + প্রাথমিক খরচাবলি
= ৭,০০০ টাকা + ৮,৫০০ টাকা
= ১৫,৫০০ টাকা
প্রশ্নমতে,
অবলেখকের দস্তুরি ৭,০০০ টাকা
প্রাথমিক খরচাবলি ৮,৫০০ টাকা
বিশেষ নোট: অলীক সম্পদকে ‘অবাস্তব সম্পদ’, ‘কাল্পনিক সম্পদ’ ও ‘ভুয়া সম্পদ’ ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বয়কৃত ব্যয় / বিবিধ ব্যয় শিরোনামের অধীনে যা বসে তার সবই অলীক সম্পদ। অলীক সম্পদ অদৃশ্যমান ও মূল্যহীন হয়ে থাকে।
৪(খ) নং প্রশ্নের উত্তর
মোট মুনাফা অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য
মোট মুনাফা অনুপাত
= (মোট মুনাফা ÷ নিট বিক্রয়) × ১০০
= (৭৪,০০০ ÷ ১,৮০,০০০) × ১০০
= ৪১.১১% (প্রায়)
প্রশ্নমতে,
নিট বিক্রয় ১,৮০,০০০ টাকা এবং
মোট মুনাফা = নিট বিক্রয় − বিক্রিত পণ্যের ব্যয়
= ১,৮০,০০০ টাকা − ১,০৬,০০০ টাকা
= ৭৪,০০০ টাকা
নিট মুনাফা অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
নিট মুনাফা অনুপাত
= (করবাদ নিট মুনাফা ÷ নিট বিক্রয়) × ১০০
= (৪৫,৯২০ ÷ ১,৮০,০০০) × ১০০
= ২৫.৫১% (প্রায়)
এখানে, নিট বিক্রয় ১,৮০,০০০ টাকা
করপূর্ব নিট মুনাফা = মোট মুনাফা − পরিচালন খরচ
= ৭৪,০০০ টাকা − ৮,৪০০ টাকা = ৬৫,৬০০ টাকা
করবাদ নিট মুনাফা = করপূর্ব নিট মুনাফা − আয়কর প্রভিশন
= ৬৫,৬০০ − (৬৫,৬০০ × ৩০%)
= ৬৫,৬০০ টাকা − ১৯,৬৮০ টাকা
= ৪৫,৯২০ টাকা
৪(গ) নং প্রশ্নের উত্তর
কার্যকরী মূলধন আবর্তন অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
কার্যকরী মূলধন আবর্তন অনুপাত
= কার্যকরী মূলধন ÷ নিট বিক্রয়
= ১৬,৯০০ ÷ ১,৮০,০০০
= ০.০৯ গুণ/বার (প্রায়)
এখানে,
কার্যকরী মূলধন = চলতি সম্পদ − চলতি দায়
= (নগদ তহবিল + প্রাপ্য হিসাব + মজুদ পণ্য) − (ব্যাংক জমাতিরিক্ত + বকেয়া মজুরি + প্রদেয় নোট + প্রদেয় হিসাব)
= (২৯,০০০ + ৪৫,০০০ + ১৪,০০০) − (১৩,০০০ + ৪,৫০০ + ১৫,৬০০ + ৩৮,০০০)
= ৮৮,০০০ টাকা − ৭১,১০০ টাকা
= ১৬,৯০০ টাকা
এবং নিট বিক্রয় ১,৮০,০০০ টাকা।
বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনাকার্য ও টাকা
বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত
= বিনিয়োজিত মূলধন ÷ নিট বিক্রয়
= ১,৫৪,৪০০ ÷ ১,৮০,০০০
= ০.৮৬ গুণ/বার (প্রায়)
এখানে,
বিনিয়োজিত মূলধন = মোট সম্পদ − অলীক সম্পদ − চলতি দায়
= ২,৪১,০০০ টাকা − ১৫,৫০০ টাকা − ৭১,১০০ টাকা
= ১,৫৪,৪০০ টাকা
এবং নিট বিক্রয় ১,৮০,০০০ টাকা।
খেয়াল করো: উৎস নথিতে এই দুটি আবর্তন অনুপাত “মূলধন ÷ নিট বিক্রয়” আকারে নির্ণয় করা হয়েছে (হুবহু রাখা হলো)। অধিকাংশ পাঠ্যবইয়ে সূত্র দুটি “নিট বিক্রয় ÷ মূলধন” — সেই অনুযায়ী হলে কার্যকরী মূলধন আবর্তন ১০.৬৫ গুণ ও বিনিয়োজিত মূলধন আবর্তন ১.১৭ গুণ হয়। পরীক্ষার খাতায় কোনটি লিখবে তা স্যারের কাছ থেকে জেনে নিও।
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০৪

তিস্তা লিমিটেড-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী — সম্পদসমূহ: আসবাবপত্র ৫০,০০০; মোটর গাড়ি ৮০,০০০; মজুদ পণ্য ২০,০০০; প্রাপ্য হিসাব ৪০,০০০; নগদ তহবিল ২৫,০০০; অবলেখকের দস্তুরি ৬,০০০; প্রাথমিক খরচাবলি ৯,০০০; মোট ২,৩০,০০০ টাকা। মূলধন ও দায়সমূহ: ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০; বকেয়া মজুরি ৫,০০০; প্রদেয় হিসাব ৩০,০০০; প্রদেয় নোট ১৫,০০০; ১০% ডিবেঞ্চার ৫০,০০০; সংরক্ষিত আয় ২০,০০০; সঞ্চিতি তহবিল ১৫,০০০; অতিরিক্ত পরিশোধিত মূলধন ৫,০০০; শেয়ার মূলধন ৮০,০০০; মোট ২,৩০,০০০ টাকা। অন্যান্য তথ্য: মোট বিক্রয় ২,০০,০০০ টাকা; বিক্রিত পণ্যের ব্যয় ১,২০,০০০ টাকা; পরিচালন খরচ ১০,০০০ টাকা; আয়করের হার ৩০%।

  • ক)অলীক সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • খ)মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো।
  • গ)কার্যকরী মূলধন ও বিনিয়োজিত মূলধন নির্ণয় করো।
উত্তর সংকেত দেখো
(ক) অলীক সম্পদ = অবলেখকের দস্তুরি + প্রাথমিক খরচাবলি = ৬,০০০ + ৯,০০০ = ১৫,০০০ টাকা
(খ) মোট মুনাফা = ২,০০,০০০ − ১,২০,০০০ = ৮০,০০০ টাকা; মোট মুনাফা অনুপাত = ৮০,০০০ ÷ ২,০০,০০০ × ১০০ = ৪০%
করপূর্ব নিট মুনাফা = ৮০,০০০ − ১০,০০০ = ৭০,০০০ টাকা; আয়কর = ৭০,০০০ × ৩০% = ২১,০০০ টাকা; করবাদ নিট মুনাফা = ৪৯,০০০ টাকা; নিট মুনাফা অনুপাত = ৪৯,০০০ ÷ ২,০০,০০০ × ১০০ = ২৪.৫%
(গ) চলতি সম্পদ = ২০,০০০ + ৪০,০০০ + ২৫,০০০ = ৮৫,০০০ টাকা; চলতি দায় = ১০,০০০ + ৫,০০০ + ৩০,০০০ + ১৫,০০০ = ৬০,০০০ টাকা; কার্যকরী মূলধন = ২৫,০০০ টাকা
বিনিয়োজিত মূলধন = মোট সম্পদ − অলীক সম্পদ − চলতি দায় = ২,৩০,০০০ − ১৫,০০০ − ৬০,০০০ = ১,৫৫,০০০ টাকা
নমুনা প্রশ্ন ০৫ অনুপাত ও মন্তব্য
জনতা কোম্পানি লিমিটেড-এর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখের কতিপয় আর্থিক তথ্যাবলি নিচে দেয়া হলো:
বিবরণটাকা
মজুদ পণ্য৯,৩০,০০০
ব্যাংক জমাতিরিক্ত১,০০,০০০
চলতি সম্পদ১৬,০০,০০০
চলতি দায়৯,০০,০০০
নিট বিক্রয়৭০,২৫,০০০
মোট মুনাফা১২,০০,০০০
নিট মুনাফা৬,৫০,০০০
  • ক)মজুদ আবর্তন অনুপাত নির্ণয় কর।
  • খ)মোট মুনাফা অনুপাত এবং নিট মুনাফা অনুপাত নির্ণয় কর এবং মন্তব্য লিখ।
  • গ)কার্যকরী মূলধন ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় কর এবং কার্যকরী মূলধন অনুপাতের উপর মন্তব্য কর।
নমুনা উত্তর দেখো
৫(ক) নং প্রশ্নের উত্তর
সূত্র ও অনুপাত নির্ণয়গণনা কার্য ও টাকা
মজুদ আবর্তন অনুপাত
= বিক্রিত পণ্যের ব্যয় ÷ গড় মজুদ পণ্য
= ৫৮,২৫,০০০ ÷ ৯,৩০,০০০
= ৬.২৬ বার (প্রায়)
এখানে, বিক্রিত পণ্যের ব্যয়
= বিক্রয় − মোট লাভ
= (৭০,২৫,০০০ − ১২,০০,০০০) টাকা
= ৫৮,২৫,০০০ টাকা
এবং মজুদ পণ্য ৯,৩০,০০০ টাকা।
টীকা: গড় মজুদ পণ্য নির্ণয় সম্ভব নয় বিধায় বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্যের ভিত্তিতে মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করা হয়েছে।
৫(খ) নং প্রশ্নের উত্তর
মোট লাভ অনুপাত নির্ণয় ও মন্তব্য:
সূত্র ও মান নির্ণয়গণনা কার্য ও টাকা
মোট মুনাফা অনুপাত
= (মোট মুনাফা ÷ নিট বিক্রয়) × ১০০
= (১২,০০,০০০ ÷ ৭০,২৫,০০০) × ১০০
= ১৭.০৮% (প্রায়)
এখানে,
মোট মুনাফা ১২,০০,০০০ টাকা এবং
নিট বিক্রয় ৭০,২৫,০০০ টাকা
মন্তব্য: মোট মুনাফা অনুপাতের আদর্শ মান সাধারণত ২০%-৩০% ধরা হয় এবং এক্ষেত্রে নির্ণীত মান ১৭.০৮%, যা আদর্শমানের সামান্য কম। অতএব, কোম্পানির মোট মুনাফা অনুপাত সন্তোষজনক নয়।
নিট লাভ অনুপাত নির্ণয় ও মন্তব্য:
সূত্র ও মান নির্ণয়গণনা কার্য ও টাকা
নিট মুনাফা অনুপাত
= (নিট মুনাফা ÷ নিট বিক্রয়) × ১০০
= (৬,৫০,০০০ ÷ ৭০,২৫,০০০) × ১০০
= ৯.২৫% (প্রায়)
এখানে,
নিট মুনাফা ৬,৫০,০০০ টাকা এবং
নিট বিক্রয় ৭০,২৫,০০০ টাকা
মন্তব্য: নিট মুনাফা অনুপাতের আদর্শ মান সাধারণত ৫%-১০% ধরা হয়। এক্ষেত্রে নির্ণীত মান ৯.২৫% এবং এটি আদর্শমানের সমান। অতএব, কোম্পানির নিট মুনাফা অনুপাত সন্তোষজনক।
৫(গ) নং প্রশ্নের উত্তর
কার্যকরী মূলধন নির্ণয়:
সূত্র ও মান নির্ণয়গণনা কার্য ও টাকা
কার্যকরী মূলধন
= চলতি সম্পদ − চলতি দায়
= (১৬,০০,০০০ − ৯,০০,০০০) টাকা
= ৭,০০,০০০ টাকা
এখানে,
চলতি সম্পদ ১৬,০০,০০০ টাকা এবং
চলতি দায় ৯,০০,০০০ টাকা
টীকা: ধরে নেয়া হয়েছে চলতি সম্পদের মধ্যে মজুদ পণ্য এবং চলতি দায়ের মধ্যে ব্যাংক জমাতিরিক্ত অন্তর্ভুক্ত রয়েছে।
কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় ও মন্তব্য:
সূত্র ও মান নির্ণয়গণনা কার্য
কার্যকরী মূলধন অনুপাত
= কার্যকরী মূলধন ÷ চলতি দায়
= ৭,০০,০০০ ÷ ৯,০০,০০০
= ০.৭৮ : ১ (প্রায়)
এখানে,
কার্যকরী মূলধন ৭,০০,০০০ টাকা এবং
চলতি দায় ৯,০০,০০০ টাকা
মন্তব্য: কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ হার ১ : ১। এক্ষেত্রে নির্ণীত মান ০.৭৮ : ১, যা আদর্শমানের সামান্য কম। অতএব, কোম্পানিকে কার্যকরী মূলধন দ্বারা চলতি দায় পরিশোধে সক্ষম বলা যায় না।
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০৫

বসুন্ধরা কোম্পানি লিমিটেড-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের কতিপয় আর্থিক তথ্যাবলি: মজুদ পণ্য ৮,০০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ১,৫০,০০০ টাকা; চলতি সম্পদ ১৮,০০,০০০ টাকা; চলতি দায় ১২,০০,০০০ টাকা; নিট বিক্রয় ৬০,০০,০০০ টাকা; মোট মুনাফা ১৫,০০,০০০ টাকা; নিট মুনাফা ৪,৮০,০০০ টাকা।

  • ক)মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো।
  • খ)মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য লিখো।
  • গ)কার্যকরী মূলধন ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য করো।
উত্তর সংকেত দেখো
(ক) বিক্রিত পণ্যের ব্যয় = ৬০,০০,০০০ − ১৫,০০,০০০ = ৪৫,০০,০০০ টাকা; মজুদ আবর্তন অনুপাত = ৪৫,০০,০০০ ÷ ৮,০০,০০০ = ৫.৬৩ বার (প্রায়)
(খ) মোট মুনাফা অনুপাত = ১৫,০০,০০০ ÷ ৬০,০০,০০০ × ১০০ = ২৫% — আদর্শ মান ২০%-৩০%, তাই সন্তোষজনক
নিট মুনাফা অনুপাত = ৪,৮০,০০০ ÷ ৬০,০০,০০০ × ১০০ = ৮% — আদর্শ মান ৫%-১০%, তাই সন্তোষজনক
(গ) কার্যকরী মূলধন = ১৮,০০,০০০ − ১২,০০,০০০ = ৬,০০,০০০ টাকা; কার্যকরী মূলধন অনুপাত = ৬,০০,০০০ ÷ ১২,০০,০০০ = ০.৫০ : ১ — আদর্শ হার ১ : ১ এর তুলনায় কম, তাই কোম্পানিকে কার্যকরী মূলধন দ্বারা চলতি দায় পরিশোধে সক্ষম বলা যায় না।
নমুনা প্রশ্ন ০৬ নিট ক্রয় ও বিশদ আয় বিবরণী
কর্ণফুলি কোম্পানি লি.-এর ২০২০ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী থেকে তোমাকে নিচের উপাত্ত সরবরাহ করা হলো:
মজুদ পণ্য (০১/০৭/২০১৯ খ্রি.)১৫,০০০ টাকা
ব্যাংক জমাতিরিক্ত (০১/০৭/২০১৯ খ্রি.)৬,০০০ টাকা
মজুদ পণ্য (৩০/০৬/২০২০ খ্রি.)৩০,০০০ টাকা
প্রাপ্য হিসাব২৪,০০০ টাকা
প্রদেয় হিসাব২৪,০০০ টাকা
হিসাবকালের মোট বিক্রয় (৫০% বাকীতে)৪,৫০,০০০ টাকা
মোট মুনাফা১,৫০,০০০ টাকা
করবাদ নিট মুনাফা (আয়করের হার ২৫%)৯০,০০০ টাকা
  • ক)নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খ)মুনাফা উপার্জন ক্ষমতা বিষয়ক ২টি অনুপাত নির্ণয় করো।
  • গ)উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে ২০২০ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো।
নমুনা উত্তর দেখো
৬(ক) নং প্রশ্নের উত্তর
সূত্র ও মান নির্ণয়গণনা কার্য
নিট ক্রয়
= (নিট বিক্রয় + সমাপনী মজুদ) − (মোট মুনাফা + প্রারম্ভিক মজুদ)
= (৪,৫০,০০০ + ৩০,০০০) − (১,৫০,০০০ + ১৫,০০০)
= ৪,৮০,০০০ টাকা − ১,৬৫,০০০ টাকা
= ৩,১৫,০০০ টাকা
দেয়া আছে,
প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা
সমাপনী মজুদ ৩০,০০০ টাকা
মোট মুনাফা ১,৫০,০০০ টাকা
নিট বিক্রয় ৪,৫০,০০০ টাকা
বিশেষ নোট: আমরা জানি, প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করে প্রাপ্ত যোগফল থেকে সমাপনী মজুদ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। এই সূত্রটি ব্যবহার করে আমরা নিট ক্রয় নির্ণয় করেছি।
৬(খ) নং প্রশ্নের উত্তর

মোট মুনাফা অনুপাত এবং নিট মুনাফা অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠানের মুনাফা উপার্জন ক্ষমতা সম্পর্কে জানা যায়। নিচে অনুপাত দুটি নির্ণয় করে দেখানো হলো:

সূত্র ও মান নির্ণয়গণনা কার্য
মোট মুনাফা অনুপাত
= (মোট মুনাফা ÷ নিট বিক্রয়) × ১০০
= (১,৫০,০০০ ÷ ৪,৫০,০০০) × ১০০
= ৩৩.৩৩% (প্রায়)
দেয়া আছে,
মোট মুনাফা ১,৫০,০০০ টাকা
এবং নিট বিক্রয় ৪,৫০,০০০ টাকা
নিট মুনাফা অনুপাত
= (করবাদ নিট মুনাফা ÷ নিট বিক্রয়) × ১০০
= (৯০,০০০ ÷ ৪,৫০,০০০) × ১০০
= ২০%
দেয়া আছে,
করবাদ নিট মুনাফা ৯০,০০০ টাকা
এবং নিট বিক্রয় ৪,৫০,০০০ টাকা
৬(গ) নং প্রশ্নের উত্তর
কর্ণফুলি কোম্পানি লি.
৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত বছরের
বিশদ আয় বিবরণী
বিবরণটাকা
বিক্রয়৪,৫০,০০০
বাদ: বিক্রিত পণ্যের ব্যয়৩,০০,০০০
মোট লাভ১,৫০,০০০
বাদ: পরিচালন ব্যয়৩০,০০০
পরিচালন মুনাফা / সুদ ও করপূর্ব নিট মুনাফা১,২০,০০০
বাদ: আয়কর প্রভিশন (৯০,০০০ × ২৫/৭৫)৩০,০০০
করবাদ নিট মুনাফা৯০,০০০
টীকা ও গণনা কার্য:
১) বিক্রিত পণ্যের ব্যয় = বিক্রয় − মোট মুনাফা = ৪,৫০,০০০ টাকা − ১,৫০,০০০ টাকা = ৩,০০,০০০ টাকা।
২) আয়কর প্রভিশন নির্ণয়: প্রশ্নমতে, আয়করের হার ২৫% এবং করবাদ নিট মুনাফা ৯০,০০০ টাকা। সরবরাহকৃত হিসাব উপাত্ত হতে ঋণের সুদ বাবদ কোন ব্যয় প্রতিষ্ঠান প্রদান করেছে কিনা তা স্পষ্ট নয়। যেহেতু এ সম্পর্কিত কোন তথ্য নেই, তাই ধরে নেয়া হয়েছে প্রতিষ্ঠানটির ঋণের সুদ বাবদ কোন ব্যয় নেই। ফলে, করবাদ নিট মুনাফা ৯০,০০০ টাকা হবে করপূর্ব নিট মুনাফার ৭৫%। তাই করবাদ নিট মুনাফাকে ৭৫ দ্বারা ভাগ এবং ২৫ দ্বারা গুণ করে আয়কর প্রভিশন নির্ণয় করা হয়েছে।
৩) করপূর্ব নিট মুনাফা নির্ণয়: করবাদ নিট মুনাফার সাথে আয়কর প্রভিশন যোগ করে করপূর্ব নিট মুনাফা নির্ণয় করা হয়েছে।
৪) পরিচালন ব্যয় নির্ণয়: মোট মুনাফা থেকে করপূর্ব নিট মুনাফা বাদ দিয়ে পরিচালন ব্যয় নির্ণয় করা হয়েছে।
নিজেকে যাচাই করো — অতিরিক্ত অনুশীলন ০৬

সুরমা কোম্পানি লি.-এর ২০২৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের আর্থিক বিবরণী থেকে প্রাপ্ত উপাত্ত: মজুদ পণ্য (০১/০৭/২০২৫ খ্রি.) ২০,০০০ টাকা; মজুদ পণ্য (৩০/০৬/২০২৬ খ্রি.) ৩৫,০০০ টাকা; হিসাবকালের মোট বিক্রয় (৬০% বাকিতে) ৫,০০,০০০ টাকা; মোট মুনাফা ১,৮০,০০০ টাকা; করবাদ নিট মুনাফা ৯০,০০০ টাকা (আয়করের হার ২৫%)।

  • ক)নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খ)মুনাফা উপার্জন ক্ষমতা বিষয়ক ২টি অনুপাত নির্ণয় করো।
  • গ)২০২৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো।
উত্তর সংকেত দেখো
(ক) নিট ক্রয় = (নিট বিক্রয় + সমাপনী মজুদ) − (মোট মুনাফা + প্রারম্ভিক মজুদ) = (৫,০০,০০০ + ৩৫,০০০) − (১,৮০,০০০ + ২০,০০০) = ৫,৩৫,০০০ − ২,০০,০০০ = ৩,৩৫,০০০ টাকা
(খ) মোট মুনাফা অনুপাত = ১,৮০,০০০ ÷ ৫,০০,০০০ × ১০০ = ৩৬%; নিট মুনাফা অনুপাত = ৯০,০০০ ÷ ৫,০০,০০০ × ১০০ = ১৮%
(গ) বিক্রিত পণ্যের ব্যয় = ৫,০০,০০০ − ১,৮০,০০০ = ৩,২০,০০০ টাকা; আয়কর প্রভিশন = ৯০,০০০ × ২৫/৭৫ = ৩০,০০০ টাকা; করপূর্ব নিট মুনাফা = ৯০,০০০ + ৩০,০০০ = ১,২০,০০০ টাকা; পরিচালন ব্যয় = ১,৮০,০০০ − ১,২০,০০০ = ৬০,০০০ টাকা।
বিশদ আয় বিবরণী: বিক্রয় ৫,০০,০০০ − বিক্রিত পণ্যের ব্যয় ৩,২০,০০০ = মোট লাভ ১,৮০,০০০ − পরিচালন ব্যয় ৬০,০০০ = করপূর্ব নিট মুনাফা ১,২০,০০০ − আয়কর প্রভিশন ৩০,০০০ = করবাদ নিট মুনাফা ৯০,০০০ টাকা
প্রিয় শিক্ষার্থী, হিসাববিজ্ঞান ২য় পত্রের ষষ্ঠ অধ্যায় “আর্থিক বিবরণী বিশ্লেষণ” থেকে প্রায় প্রতি বছরই বোর্ড পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনি — দুই ধরনের প্রশ্নই আসে। এখানে ৬টি নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার পূর্ণ নমুনা উত্তর দেওয়া হলো; প্রতিটি উত্তরের সঙ্গে সূত্র, মান নির্ণয় ও গণনাকার্য আলাদা করে দেখানো হয়েছে — পরীক্ষার খাতায় ঠিক এভাবেই লিখবে। কোথাও বুঝতে অসুবিধা হলে সঙ্গের বিশেষ নোট ও টীকাগুলো মনোযোগ দিয়ে পড়ো। এই অধ্যায়ে অনুপাতের সূত্র মুখস্থ করার চেয়ে কোন সমস্যায় কোন সূত্র বসবে সেটি বোঝা বেশি জরুরি। প্রাক্‌-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। এগুলো ভালোভাবে আয়ত্ত হয়ে গেলে নিচের পরামর্শ অনুযায়ী বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করো।
— মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান), বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম
📌 অধ্যায় ৬ · আর্থিক বিবরণী বিশ্লেষণ — কোন বছরের বোর্ড প্রশ্ন অনুশীলন করবে

তোমরা যারা এখন দ্বাদশ শ্রেণিতে পড়ছ, তাদের এইচএসসি পরীক্ষা ২০২৭ সালে। তাই বিগত ৩–৪ বছরের বোর্ড প্রশ্ন সমাধান করাই সবচেয়ে বেশি কাজে দেবে। এই অধ্যায়ের জন্য নিচের প্রশ্নপত্রগুলো ধারাবাহিকভাবে চর্চা করো —

  • ২০২৬ সাল: এ বছর সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়েছে — অর্থাৎ একটিমাত্র প্রশ্নপত্র। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। দুটি প্রশ্নপত্রই সমাধান করবে।
  • ২০২৫ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।
  • ২০২৪ সাল: সকল শিক্ষা বোর্ডের প্রশ্ন।
মনে রাখবে: ২০২৬ সালে নিয়মিত পরীক্ষার্থীরা সম্পূর্ণ সিলেবাসে এবং অনিয়মিত পরীক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে।
একটি বিশেষ পরামর্শ: ২০২০ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে প্রশ্ন হওয়ায় বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নপত্রে হিসাববিজ্ঞান ২য় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, নগদ প্রবাহ বিবরণীব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি — এই তিনটি অধ্যায়ের প্রশ্ন নেই। ওই তিনটি অধ্যায়ের জন্য ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের বোর্ড প্রশ্নগুলো চর্চা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

🔍 খুঁজুন

🆕 সর্বশেষ পোস্ট

লোড হচ্ছে…

📘 ফেসবুকে যুক্ত থাকো

HSC Accounting — MZRকলেজের ফেসবুক পেজ

ℹ️ এই সাইট সম্পর্কে

এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয় — বেপজা পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগ। দাপ্তরিক তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। বিস্তারিত