এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয়। একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগবিস্তারিত
BEPZA College Family Chattogramহিসাববিজ্ঞান পাঠশালা ও শিক্ষা-সহায়ক অ্যাপমুহম্মদ জিয়াউর রহমান · সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান

হিসাববিজ্ঞান ২য় পত্র — সৃজনশীল প্রশ্নের ধরন ও অধ্যায়ভিত্তিক অনুশীলন পাঠ (দ্বিতীয় পর্ব)

হিসাববিজ্ঞান ২য় পত্র — সৃজনশীল প্রশ্নের ধরন ও অধ্যায়ভিত্তিক অনুশীলন পাঠ (দ্বিতীয় পর্ব)

একাদশ ও দ্বাদশ শ্রেণি · বোর্ড পরীক্ষায় কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে তার পূর্ণ তালিকা · মুহম্মদ জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান)

এই পাঠটি কী: বোর্ড পরীক্ষার সৃজনশীল অংশে প্রতিটি অধ্যায় থেকে উদ্দীপকে সাধারণত কী দেওয়া থাকে এবং ২ নম্বর ও ৪ নম্বরের জন্য কী কী প্রশ্ন করা হয় — বিগত বছরগুলোর প্রশ্নপত্র বিশ্লেষণ করে অধ্যায় ধরে ধরে তার সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হলো। এটি প্রথম পর্বের (১ম পত্র) দ্বিতীয় অংশ।
কীভাবে কাজে লাগাবে: প্রতিটি অধ্যায় পড়া শেষ করে এই তালিকাটি একবার চোখ বুলিয়ে নাও। যে প্রশ্নটি দেখে মনে হবে “এটা আমি পারব না” — সেটিই তোমার দুর্বল জায়গা। সেখানেই বেশি সময় দাও।
মনে রাখবে: প্রতিটি সৃজনশীল প্রশ্নে তিনটি অংশ — ক = ২ নম্বর, খ = ৪ নম্বর এবং গ = ৪ নম্বর; মোট ১০ নম্বর
সূত্র: স্যারের নিজস্ব “অনুশীলন পাঠ (দ্বিতীয় পর্ব)” — বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম।
সৃজনশীল অংশের কাঠামো — এক নজরে
বিভাগকয়টি প্রশ্ন থাকবেকয়টির উত্তর দিতে হবেকোন অধ্যায় থেকে
ক-বিভাগ
আবশ্যিক
২টি২টিরইপঞ্চম অধ্যায় — যৌথমূলধনী কোম্পানির আর্থিক বিবরণী
খ-বিভাগ৯টিযেকোনো ৫টি১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম অধ্যায়
মোট১১টি৭টি৭ × ১০ = ৭০ নম্বর (সাথে ৩০ নম্বর বহুনির্বাচনি)
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা: ক-বিভাগের দুটি প্রশ্নই পঞ্চম অধ্যায় — যৌথমূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে আসে এবং দুটিরই উত্তর দিতেই হবে। অর্থাৎ এই এক অধ্যায়েই ২০ নম্বর নিশ্চিত। বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী — এই তিনটি ছক নিখুঁতভাবে রপ্ত করতেই হবে।
সংক্ষিপ্ত সিলেবাস প্রসঙ্গে: ২০২০ সাল থেকে বোর্ড পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে, তাই সাম্প্রতিক প্রশ্নপত্রে ১ম অধ্যায় (অব্যবসায়ী প্রতিষ্ঠান), ৩য় অধ্যায় (নগদ প্রবাহ বিবরণী)১০ম অধ্যায় (ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান) থেকে প্রশ্ন নেই। এই তিন অধ্যায়ের অনুশীলনের জন্য ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালের বোর্ড প্রশ্ন দেখো। তবে পূর্ণ সিলেবাসে ফিরলে এগুলোও আসবে — তাই তালিকাটি এখানে পুরোটাই রাখা হলো।
ক-বিভাগ (আবশ্যিক)
পঞ্চম অধ্যায় · যৌথমূলধনী কোম্পানির আর্থিক বিবরণী (ক-বিভাগ — আবশ্যিক)
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্রয়-বিক্রয়কারী বা উৎপাদনকারী কোম্পানির ২টি, অথবা ১টি ক্রয়-বিক্রয়কারী বা উৎপাদনকারী কোম্পানি ও ১টি সেবাধর্মী বা পেশাজীবীদের কোম্পানির সমাপ্ত হিসাবকালের জন্য প্রস্তুতকৃত রেওয়ামিল ও অতিরিক্ত তথ্যাবলি (সমন্বয় সম্পর্কিত) দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
ক্রয়-বিক্রয়কারী / সাধারণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি বছরে ব্যবহৃত মনিহারির পরিমাণ নির্ণয় করো।
  • চলতি বছরের বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ নির্ণয় করো।
  • বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো।
  • আগুনে বিনষ্ট মজুদ বাবদ কত টাকার ক্ষতি হিসাবভুক্ত করতে হবে?
  • যন্ত্রপাতির খরচ / সরঞ্জাম ও কলকব্জার / যন্ত্রপাতি ও দালানকোঠার ওপর অবচয়ের পরিমাণ নির্ণয় করো।
  • চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয়মূল্য নির্ণয় করো।
  • নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো।
  • অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ আয় বিবরণীতে কত চার্জ করা হবে তা নির্ণয় করো।
  • সমাপনী চলতি সম্পত্তির মোট পরিমাণ নির্ণয় করো।
  • প্রাপ্য হিসাবের নিট সমাপনী উদ্বৃত্ত ও অনাদায়ী পাওনা সঞ্চিতি গণনাসহ নির্ণয় করো।
  • ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য নির্ণয় করো।
  • সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো।
  • নিট লাভ —– টাকা ধরে পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো।
  • কোম্পানির মোট মুনাফা নির্ণয় করো।
  • ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো।
  • প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয় করো।
  • প্রস্তাবিত বা ঘোষিত লভ্যাংশ নির্ণয় করো।
  • প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো।
  • ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো।
সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • অনুপার্জিত সেবা আয় নির্ণয় করো।
  • মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো।
  • নিট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
ক্রয়-বিক্রয়কারী / সাধারণ প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • মোট পরিচালন ব্যয় নির্ণয় করো।
  • পরিচালন খরচ ও অপরিচালন খরচের মোট পরিমাণ নির্ণয় করো।
  • বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। / সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী প্রস্তুত করো।
  • বিশদ আয় বিবরণীর মাধ্যমে মোট মুনাফা নির্ণয় করো।
  • যথাযথ ছকে মোট লাভ নির্ণয় করো।
  • চলতি বছরের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • যথাযথ ছকে কোম্পানির নিট মুনাফা নির্ণয় করো।
  • বিক্রীত দ্রব্যের ব্যয় —– টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করো।
  • মোট লাভ —– টাকা ধরে আয় বিবরণী তৈরি করো।
  • মোট মুনাফা —– টাকা ধরে কোম্পানির নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো।
  • নিট লাভ —– টাকা হলে রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো।
  • আয়কর সমন্বয়ের পর নিট লাভের জের —– টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো।
  • নিট লাভ —– টাকা ধরে মালিকানাস্বত্ব বিবরণী তৈরি করো।
  • বৎসরের শেষে সংরক্ষিত আয়ের জের —– টাকা হলে কোম্পানির শেয়ারহোল্ডারদের মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত করো।
  • কোম্পানির স্থিতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
  • সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত —– টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
  • আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানাস্বত্ব পার্শ্ব ছক আকারে প্রদর্শন করো।
  • সংরক্ষিত মুনাফা —– টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানাস্বত্ব উপস্থাপন করো।
  • রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত —– টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীর মূলধন ও দায় পার্শ্ব প্রদর্শন করো।
সেবাধর্মী ও পেশাজীবীদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • আয় বিবরণী প্রস্তুত করো।
  • নিট সেবা আয় —– টাকা ধরে নিট আয় বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত —– টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
উভয় ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে
  • কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। / সম্পত্তির শ্রেণিবিন্যাস করে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
  • কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদসমূহের অবস্থান দেখাও। / সম্পদ পার্শ্ব ছক আকারে প্রদর্শন করো।
  • কোম্পানির নিট চলতি মূলধন নির্ণয় করো।
  • কোম্পানির মোট স্থায়ী সম্পদ ও মোট চলতি দায় নির্ণয় করো।
  • কোম্পানির মোট সম্পদ এবং মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো।
খ-বিভাগ (৯টি প্রশ্ন থেকে যেকোনো ৫টি)
প্রথম অধ্যায় · অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
ক. প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করতে বলা হলে
উদ্দীপকে সাধারণত যা থাকে: বিভিন্ন ক্লাব বা সেবাধর্মী অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের সমাপ্ত হিসাবকালের মুনাফাজাতীয় ও মূলধনজাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ এবং অতিরিক্ত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • চাঁদা বাবদ চলতি বছরের আয় নির্ণয় করো।
  • চলতি বছরের ক্লাবের অনাদায়ী বা বকেয়া চাঁদার পরিমাণ নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো।
  • মূলধনজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো।
  • মূলধনজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো।
  • মূলধনজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করো। / প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করে ক্লাবের সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো।
  • আয়-ব্যয় হিসাব বা আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করো। / ক্লাবের ব্যয়াতিরিক্ত আয় অথবা আয়াতিরিক্ত ব্যয় নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো।
  • আয়-ব্যয় হিসাব প্রস্তুত করে ক্লাবের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
খ. প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া থাকলে
উদ্দীপকে সাধারণত যা থাকে: ক্লাবের সমাপ্ত হিসাবকালের প্রাপ্তি ও প্রদান হিসাব বা বিবরণী; অতিরিক্ত তথ্য হিসেবে উক্ত ক্লাবের প্রারম্ভিক সম্পত্তিসমূহ, দায়সমূহ ও প্রয়োজনীয় সমন্বয়সমূহ দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি সালের মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো।
  • চলতি বছরের চাঁদার পরিমাণ নির্ণয় করো।
  • চাঁদা বাবদ চলতি বছরের আয় নির্ণয় করো।
  • চলতি বছরের ক্লাবের অনাদায়ী বা বকেয়া চাঁদার পরিমাণ নির্ণয় করো।
  • বছর শেষে নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • সমাপনী দায় নির্ণয় করো।
  • চলতি বছরে সমাপনী তারিখে বৃত্তি তহবিলের জের নির্ণয় করো।
  • আপ্যায়ন ব্যয় বাবদ লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • ভোগ্যপণ্য হতে আয়ের পরিমাণ নির্ণয় করো।
  • খাদ্যদ্রব্য ও পানীয় বাবদ চলতি বছরের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • মোট বেতনের পরিমাণ নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো।
  • মূলধনজাতীয় আয়ের দফাসমূহ পরিমাণসহ লেখো।
  • সমাপনী চলতি সম্পত্তি ও চলতি দায় নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • বছরের শেষ তারিখে ক্লাবের নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করো।
  • আসবাবপত্র ও বইপত্রের উপর ধার্যকৃত অবচয়ের পরিমাণ খসড়াসহ দেখাও।
  • প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো।
  • প্রারম্ভিক সম্পত্তি ও দায়ের পার্থক্য নির্ণয় করো।
  • আয়-ব্যয় হিসাব বা বিবরণী প্রস্তুত করো। / ব্যয়াতিরিক্ত আয় অথবা আয়াতিরিক্ত ব্যয় নির্ণয় করো।
  • সমাপ্ত বছরের জন্য ক্লাবের আয়-ব্যয় হিসাবের আয় পার্শ্বের সমষ্টি নির্ণয় করো।
  • সমাপ্ত বছরের জন্য আয়-ব্যয় হিসাব প্রস্তুত করে ক্লাবের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • মুনাফাজাতীয় খরচের পরিমাণ নির্ণয় করো। / সমাপ্ত বছরের মোট মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • ক্লাবের উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
  • চলতি বছরের শেষ তারিখে ক্লাবের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। / উদ্বৃত্তপত্রের সম্পদ পাশের দফাসমূহের যোগফল নির্ণয় করো।
  • প্রারম্ভিক মূলধন তহবিল —– টাকা ধরে উদ্বৃত্তপত্র প্রস্তুত করো।
  • ব্যয়াতিরিক্ত আয় —– টাকা হলে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।
  • ব্যয়াতিরিক্ত আয় —– টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল —– টাকা ধরে সমাপনী দায় ও মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো।
  • ব্যয়াতিরিক্ত আয় —– টাকা এবং প্রারম্ভিক মূলধন তহবিল —– টাকা ধরে উদ্বৃত্তপত্র প্রস্তুত করো।
দ্বিতীয় অধ্যায় · অংশীদারি ব্যবসায়ের হিসাব
ক. সাধারণ সমস্যা
উদ্দীপকে সাধারণত যা থাকে: অংশীদারি কারবারের অংশীদারদের মূলধন হিসাব, চলতি হিসাব ও ঋণ হিসাবের প্রারম্ভিক জের, হিসাবকালে অংশীদারদের উত্তোলনের পরিমাণ, লাভ-ক্ষতি বণ্টনের হার, বেতন, কমিশন, মূলধনের সুদ, উত্তোলনের সুদ ইত্যাদি সম্পর্কিত চুক্তিপত্রের ধারা এবং সমাপ্ত বছরের কারবারের নিট লাভ বা ক্ষতি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • একজন বা দুইজন অংশীদারের উত্তোলনের সুদ নির্ণয় করো।
  • একজন বা দুইজন অংশীদারের নগদ উত্তোলনের সুদ নির্ণয় করো।
  • অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো।
  • একজন বা দুইজন অংশীদারের মূলধনের সুদ নির্ণয় করো।
  • একজন বা দুইজন অংশীদারের ঋণের সুদ নির্ণয় করো।
  • একজন বা দুইজন অংশীদারের ঋণ হিসাব তৈরি করো।
  • ঋণের সুদের জাবেদা দাখিলা দাও।
  • অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • অংশীদারদের লাভ-লোকসান বণ্টন বা আবণ্টন হিসাব প্রস্তুত করো।
  • লাভ-লোকসান বণ্টন হিসাবের মোট ব্যয় এবং মোট আয়ের পরিমাণ নির্ণয় করো।
  • একজন / দুইজন / সকল অংশীদারের নিট দাবি নির্ণয় করো।
  • একজন / দুইজন / সকল অংশীদারের স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করো (বণ্টনযোগ্য মুনাফা —– টাকা ধরে)।
  • একজন / দুইজন / সকল অংশীদারের পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করো (বণ্টনযোগ্য মুনাফা —– টাকা ধরে)।
  • একজন / দুইজন / সকল অংশীদারের চলতি হিসাব প্রস্তুত করো (বণ্টনযোগ্য মুনাফা —– টাকা ধরে)।
  • মূলধনের সুদ, মুনাফা বা ক্ষতির অংশ, বেতন ও উত্তোলনের সুদের জাবেদা দাখিলা দাও।
খ. ভুল-সংশোধনী বা সমন্বয় সংক্রান্ত
উদ্দীপকে সাধারণত যা থাকে: চুক্তিপত্রের কয়েকটি ধারা সমন্বয়ের পর অংশীদারদের সমাপনী মূলধন হিসাবের জের দেওয়া থাকে। এছাড়া হিসাবকালে অংশীদারদের উত্তোলনের পরিমাণ, লাভ-ক্ষতি বণ্টনের হার, বার্ষিক বেতন, মূলধন ও উত্তোলনের ওপর সুদের হার, বণ্টনযোগ্য নিট লাভ বা ক্ষতি এবং সমাপ্ত বছরের কারবারের মোট মূলধনের পরিমাণ ও অংশীদারগণ কোন হারে মূলধন রাখতে ইচ্ছুক তাও দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • একজন / দুইজন / সকল অংশীদারের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • অংশীদারদের সমন্বিত লাভ-ক্ষতি হিসাব বা বিবরণী প্রস্তুত করো।
  • একজন / দুইজন / সকল অংশীদারের সমন্বিত মূলধন হিসাব তৈরি করো।
তৃতীয় অধ্যায় · নগদ প্রবাহ বিবরণী
উদ্দীপকে সাধারণত যা থাকে: কোম্পানির তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী, আয় বিবরণী ও অতিরিক্ত তথ্যাবলি দেওয়া থাকবে। অথবা, নিট আয় এবং কোম্পানির পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম ও অর্থসংস্থান কার্যক্রম সম্পর্কিত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না এমন অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো।
  • অনগদ লেনদেনের সমষ্টি নির্ণয় করো।
  • চলতি বছরের যন্ত্রপাতি বা আসবাবপত্রের অবচয় নির্ণয় করো।
  • চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস-বৃদ্ধি দেখাও।
  • যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ বহিঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • বিক্রীত সরঞ্জাম বাবদ নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • আসবাবপত্র বা ভূমির বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
  • বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো।
  • অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • কত টাকায় ভূমি বিক্রয় করা হয়েছে?
  • চলতি বছরের নিট আয় বা ক্ষতি নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • চলতি সম্পদ ও চলতি দায়ের হ্রাস-বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো।
  • পরিচালন খরচ ও আয়কর বাবদ নগদ বহিঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • চলতি বছরে যন্ত্রপাতি ক্রয় বাবদ নগদ বহিঃপ্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • নিট আয় —– টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো।
  • অর্থসংস্থান কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করো।
  • বিনিয়োগ ও অর্থসংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো।
  • পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো।
  • পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ —– টাকা ধরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো।
  • নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করে নগদ তহবিলের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করো।
চতুর্থ অধ্যায় · যৌথমূলধনী কোম্পানির মূলধন
উদ্দীপকে সাধারণত যা থাকে: কোম্পানির অনুমোদিত মূলধন, প্রতি শেয়ারের অভিহিত মূল্য, শেয়ার প্রতি অধিহার, শেয়ার প্রতি অবহার, ইস্যুকৃত শেয়ার সংখ্যা, আবেদনকৃত শেয়ার সংখ্যা, ফেরতকৃত শেয়ার সংখ্যা, বিলিকৃত শেয়ার সংখ্যা, শেয়ারের মাধ্যমে সম্পত্তি ক্রয়, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ ইত্যাদি সম্পর্কিত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো।
  • ফেরতকৃত শেয়ার আবেদনের অর্থের পরিমাণ নির্ণয় করো।
  • শেয়ার প্রতি অবহার ও মোট শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো।
  • শেয়ার প্রতি অধিহার ও মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো।
  • অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করো।
  • মোট অলীক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
  • অবিলিকৃত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ নির্ণয় করো।
  • শেয়ার ইস্যু বা বিলি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও (ব্যাখ্যার প্রয়োজন নেই)।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • কোম্পানির ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব প্রস্তুত করো।
  • কোম্পানির ব্যাংক হিসাব ও শেয়ার অধিহার হিসাব প্রস্তুত করো।
  • কোম্পানির বইতে প্রয়োজনীয় বা শেয়ার ইস্যুসংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও।
  • ব্যাংক জমা —– টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী বা স্থিতিপত্র প্রস্তুত করো।
ষষ্ঠ অধ্যায় · আর্থিক বিবরণী বিশ্লেষণ
উদ্দীপকে সাধারণত যা থাকে: আর্থিক অবস্থার বিবরণী ও অতিরিক্ত তথ্যাবলি দেওয়া থাকবে। অথবা, প্রতিষ্ঠানের চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদি দায়, শেয়ার মূলধন, সংরক্ষিত আয়, সাধারণ সঞ্চিতি, বিক্রয়, মোট আয়, নিট আয় ইত্যাদি সম্পর্কিত তথ্য দেওয়া থাকবে। অথবা, দুটি কোম্পানির আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী ও সমন্বয় সম্পর্কিত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • কার্যকরী মূলধনের পরিমাণ নির্ণয় করো।
  • বিনিয়োজিত মূলধন নির্ণয় করো।
  • মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো।
  • চলতি সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
  • অলীক সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • চলতি অনুপাত নির্ণয় করো।
  • মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • চলতি অনুপাত নির্ণয় করো এবং আর্থিক সচ্ছলতা সম্পর্কে মন্তব্য করো।
  • ত্বরিত বা অগ্নি পরীক্ষা অনুপাত নির্ণয় করো এবং আর্থিক সচ্ছলতা সম্পর্কে মন্তব্য করো।
  • কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো।
  • দায়-মালিকানা অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও।
  • চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত নির্ণয় করো।
  • মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও।
  • দেনাদার বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও।
  • পাওনাদার বা প্রদেয় হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও। উৎস শিটে এখানে “প্রাপ্য হিসাব” লেখা ছিল; পাওনাদারের ক্ষেত্রে সঠিক শব্দ প্রদেয় হিসাব
  • মূলধন বা বিনিয়োজিত মূলধন আবর্তন হার / অনুপাত নির্ণয় করো।
  • মোট লাভ অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও।
  • নিট মুনাফা অনুপাত নির্ণয় করো এবং মন্তব্য দাও।
  • বিনিয়োজিত মূলধন অনুপাত নির্ণয় করো।
  • বিনিয়োজিত মূলধন আয় বা উপার্জন হার / অনুপাত নির্ণয় করো।
  • মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত নির্ণয় করো।
  • দুটি প্রতিষ্ঠানের নিট লাভ অনুপাত নির্ণয়পূর্বক কোন প্রতিষ্ঠানটি অধিক লাভজনক তা ব্যাখ্যা করো।
সপ্তম অধ্যায় · উৎপাদন ব্যয় হিসাব
ক. ব্যয় বিবরণী প্রস্তুত সম্পর্কিত
উদ্দীপকে সাধারণত যা থাকে: কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত প্রত্যক্ষ খরচসমূহ, কাঁচামাল, চলতি কার্য ও তৈরি পণ্যের প্রারম্ভিক ও সমাপনী মজুদ, কারখানা উপরিখরচ, অফিস ও প্রশাসনিক উপরিখরচ এবং বিক্রয় উপরিখরচ সংক্রান্ত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো।
  • মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • রূপান্তর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • বাণিজ্যিক খরচের পরিমাণ নির্ণয় করো।
  • উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় নির্ণয় করো।
  • একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করো।
  • উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো।
  • বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • তৈরি পণ্যের সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো।
  • আয় বিবরণী প্রস্তুত করো।
  • কোম্পানির নিট লাভ নির্ণয় করো।
  • নিট লাভ এবং বিক্রয়ের ওপর নিট লাভের হার নির্ণয় করো।
  • আয় বিবরণী প্রস্তুত করো এবং নিট লাভ অনুপাত নির্ণয় করো।
খ. দরপত্র বা টেন্ডার বিবরণী প্রস্তুত সম্পর্কিত
উদ্দীপকে সাধারণত যা থাকে: ইতোপূর্বে সম্পাদিত কোনো কাজের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি এবং নতুন একটি কাজের জন্য প্রয়োজনীয় প্রত্যক্ষ কাঁচামাল ও প্রত্যক্ষ মজুরির পরিমাণ দেওয়া থাকে। এছাড়া কারখানা উপরিখরচ, অফিস ও প্রশাসনিক উপরিখরচ, বিক্রয় ও বণ্টন উপরিখরচ এবং মুনাফার হার সংক্রান্ত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • মোট প্রত্যক্ষ ব্যয় নির্ণয় করো।
  • মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • উৎপাদিত পণ্যের এককের পরিমাণ নির্ণয় করো।
  • বিক্রয়ের উপর লাভের হার নির্ণয় করো।
  • প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো।
  • কারখানা ব্যয়ের ওপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
  • কাঁচামালের ব্যয় —-% এবং মজুরি —-% হারে বৃদ্ধি করে উৎপাদন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • বিশদ আয় বিবরণী নির্ণয়পূর্বক নিট মুনাফা নির্ণয় করো।
  • বিক্রয়ের উপর —-% লাভ করতে চাইলে প্রতিটি পণ্য কী দরে বিক্রয় করতে হবে নির্ণয় করো।
  • দরপত্রের মূল্য নির্ধারণ করো।
  • টেন্ডারের মূল্য নির্ণয় করো, যদি কাঁচামাল —– টাকা ও মজুরি ব্যয় —– টাকা এবং মুনাফার হার বিক্রয়মূল্যের ওপর —-% হয়।
  • কোম্পানি একটি দরপত্রের মূল্য নির্ধারণ করতে চায়, যেখানে কাঁচামাল —– টাকা এবং মজুরি —– টাকা। প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার এবং কারখানা উপরিব্যয়ের ওপর অফিস উপরিব্যয়ের শতকরা হারের আলোকে দরপত্রের কারখানা উপরিব্যয় ও অফিস উপরিব্যয় নির্ধারণ করে বিক্রয়মূল্যের ওপর —-% হারে মুনাফা ধরে দরপত্রের মূল্য নির্ধারণ করো।
গ. বেতন ও মজুরি সম্পর্কিত
উদ্দীপকে সাধারণত যা থাকে: কোম্পানির কর্মকর্তা, কর্মচারী বা শ্রমিকের বেতন বা মজুরি সংক্রান্ত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • কর্মকর্তা / কর্মচারী / শ্রমিকের মূল বেতন বা মজুরি নির্ণয় করো।
  • বিনা বেতনে ছুটি বাবদ কর্তনের টাকার পরিমাণ নির্ণয় করো।
  • মোট মহার্ঘ ভাতার পরিমাণ নির্ণয় করো।
  • ওভারটাইমের টাকার পরিমাণ নির্ণয় করো।
  • শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো।
  • প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • কর্মকর্তা / কর্মচারী / শ্রমিকদের মোট উপার্জন, মজুরি বা বেতন নির্ণয় করো।
  • কর্মকর্তা / কর্মচারী / শ্রমিকদের মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো।
  • কর্মকর্তা / কর্মচারী / শ্রমিকদের নিট বেতন, মজুরি বা পরিশোধের পরিমাণ নির্ণয় করো।
  • কর্মকর্তা / কর্মচারী / শ্রমিকদের মোট কর্তন ও নিট প্রদেয় বেতন বা মজুরির পরিমাণ নির্ণয় করো।
  • বেতন বিবরণী তৈরি করো।
  • মজুরি বা বেতন সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
অষ্টম অধ্যায় · মজুদপণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি
উদ্দীপকে সাধারণত যা থাকে: উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালের প্রারম্ভিক উদ্বৃত্ত, ক্রয় বা আগমন ও ইস্যু / বিক্রয় / নির্গমন, কারখানা থেকে ফেরত, সরবরাহকারীকে ফেরত, ঘাটতি বা উদ্বৃত্ত, সমাপনী উদ্বৃত্ত ইত্যাদি সংক্রান্ত তথ্যাবলি দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • মোট ক্রয়ের পরিমাণ (একক ও টাকায়) নির্ণয় করো। / মোট ক্রয়কৃত মালের পরিমাণ ও মূল্য নির্ণয় করো।
  • মোট প্রাপ্তির পরিমাণ (কেজি ও টাকায়) নির্ণয় করো।
  • মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
  • মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো।
  • সমাপনী মজুদ পণ্যের পরিমাণ (একক) নির্ণয় করো। / মাস শেষে কাঁচামাল মজুদের পরিমাণ (একক) নির্ণয় করো।
  • সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো। / ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করো।
  • সমাপনী মজুদ এককের পরিমাণ ও মূল্য নির্ণয় করো।
  • বিনষ্ট পণ্যের পরিমাণ নির্ণয় করো।
  • ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো।
  • ঘাটতি অথবা উদ্বৃত্ত মালের পরিমাণ নির্ণয় করো।
  • আয় বিবরণী তৈরি করে মোট মুনাফা নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • ক্রয় সংক্রান্ত সাধারণ জাবেদা ও সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদা দেখাও।
  • ইস্যুকৃত মালের নিট পরিমাণ (একক) ও সমাপনী মজুদের পরিমাণ (একক) নির্ণয় করো।
  • বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতিতে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • FIFO পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো।
  • পরের মাল আগে ছাড় পদ্ধতিতে ১৫ ও ১৮ তারিখে ফেরত পণ্যের মূল্য কত টাকা?
  • FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো।
  • আগের মাল আগে ছাড় বা আগে আসলে আগে যাবে পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো।
  • ১, ৪, ৮ ও ২৬ তারিখের তথ্য ব্যবহার করে FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো।
  • LIFO পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো।
  • ১, ৪, ৭, ৯ ও ১৪ তারিখের দফাগুলোর সাহায্যে LIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো।
  • LIFO পদ্ধতিতে জুন ১৫ ও ৩০ তারিখের বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মালের খতিয়ান প্রস্তুত করো।
  • ১, ৪, ২০ ও ২৫ তারিখের তথ্য ব্যবহার করে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো।
  • ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদ মালের মূল্য নির্ণয় করো।
নবম অধ্যায় · ব্যয় ও ব্যয়ের শ্রেণিবিভাগ
উদ্দীপকে সাধারণত যা থাকে: উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত প্রত্যক্ষ খরচসমূহ, কাঁচামাল, চলতি কার্য ও তৈরি পণ্যের প্রারম্ভিক ও সমাপনী মজুদ এবং কারখানা, অফিস ও বিক্রয় উপরিখরচ দেওয়া থাকবে। অথবা, এক বা দুটি কার্যমাত্রায় উৎপাদন সংক্রান্ত ব্যয়সমূহ একক ও টাকায় দেওয়া থাকবে, সাথে কোন উপরিব্যয়ের কত শতাংশ পরিবর্তনশীল ও কত শতাংশ স্থায়ী তাও দেওয়া থাকবে। অথবা, কোনো স্থায়ী সম্পত্তির ক্রয়ের তারিখসহ ক্রয়মূল্য, ভগ্নাবশেষ মূল্য এবং হিসাবকালের শেষদিনে তার পুস্তকমূল্য দেওয়া থাকবে।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • আধা-পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো।
  • কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • মেশিনের নিমজ্জিত ব্যয় নির্ণয় করো।
  • সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা এককে নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করো।
  • বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • সমাপ্ত বছরের জন্য প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করো।
  • পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় প্রদর্শনপূর্বক মোট ব্যয় নির্ণয় করো।
  • মোট কারখানা উপরিব্যয় নির্ণয় করো এবং মোট ব্যয়ের ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
  • কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং মোট ব্যয় —– টাকা ধরে মোট ব্যয়ের ওপর পণ্য ব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
  • পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • মোট কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং পণ্য ব্যয়ের ওপর কালীন ব্যয়ের শতকরা হার নির্ণয় করো।
  • নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • সর্বোচ্চ ক্ষমতায় উৎপাদন বাড়ালে অনুমিত মোট ব্যয় নির্ণয় করো।
  • কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে ১০% হারে অবচয় ধার্য করে এবং চার বছর পরে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে —– টাকা। চার বছর পরে মেশিনটির নিমজ্জিত ব্যয় নির্ণয় করো।
দশম অধ্যায় · ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি — ব্যয়-পরিমাণ-মুনাফা সম্পর্ক
উদ্দীপকে সাধারণত যা থাকে: নিচের যেকোনো একটি রূপে তথ্য দেওয়া থাকবে — (১) মোট বিক্রয়ের পরিমাণ এককে, একক প্রতি বিক্রয়মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থায়ী ব্যয়; (২) মোট বিক্রয় টাকায়, একক প্রতি বিক্রয়মূল্য, মোট পরিবর্তনশীল ব্যয় ও মোট স্থায়ী ব্যয়; (৩) মোট বিক্রয় টাকায়, একক প্রতি বিক্রয়মূল্য, পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের শতকরা হারে ও মোট স্থায়ী ব্যয়; (৪) উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ এককে ও টাকায় এবং মোট পরিবর্তনশীল ও স্থায়ী ব্যয়; (৫) একক প্রতি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, কারখানা উপরিব্যয় ও মোট স্থায়ী ব্যয়; (৬) বিক্রীত পণ্যের ব্যয়, প্রশাসনিক ও বিক্রয় উপরিব্যয় টাকায় এবং উহার কত শতাংশ পরিবর্তনশীল ও কত শতাংশ স্থায়ী; (৭) বিক্রয় টাকায় এবং ২-৩টি অনুপাত (কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, নিরাপত্তা প্রান্ত অনুপাত, মুনাফা অনুপাত); অথবা (৮) দুটি হিসাবকালের বিক্রয় ও মুনাফা বা ক্ষতির পরিমাণ টাকায়।
২ নম্বরের উপযোগী প্রশ্ন
  • একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন / দত্তাংশ / অনুদান প্রান্ত নির্ণয় করো।
  • কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ নির্ণয় করো।
  • কন্ট্রিবিউশন মার্জিন / দত্তাংশ / অনুদান প্রান্ত / মুনাফা পরিমাণ অনুপাত নির্ণয় করো।
  • পরিবর্তনশীল বা মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • সমচ্ছেদ বিন্দু (এককে) নির্ণয় করো। / সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করো।
  • সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় করো।
৪ নম্বরের উপযোগী প্রশ্ন
  • কন্ট্রিবিউশন মার্জিন ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো।
  • সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। / কত একক পণ্য এবং কত টাকার পণ্য বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না নির্ণয় করো।
  • আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু প্রমাণ করো।
  • নিরাপত্তা প্রান্ত এককে এবং নিরাপত্তা মার্জিন বা প্রান্ত টাকায় নির্ণয় করো।
  • নিরাপত্তা প্রান্ত ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো।
  • নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো ও চিত্রের সাহায্যে দেখাও।
  • নিট লাভ বা মুনাফার পরিমাণ নির্ণয় করো। / বিক্রয় —– একক হলে মুনাফা নির্ণয় করো।
  • স্থায়ী ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকা প্রস্তুত করো।
  • মাসিক বিক্রয় —– একক ও একক প্রতি পরিবর্তনশীল ব্যয় —– টাকা হলে এককে ও টাকায় নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো।
  • প্রত্যাশিত বিক্রয় —– একক ধরে নিরাপত্তা প্রান্ত একক এবং নিট মুনাফা নির্ণয় করো।
  • বিক্রয় —– টাকা হলে মুনাফা ও পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
  • —– একক বিক্রয় করলে মুনাফা কত হবে?
  • —– টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রয় করতে হবে?
  • করপূর্ব আয় —– টাকা অর্জন করতে কত একক দ্রব্য বিক্রি করতে হবে?
  • বছরে —– টাকা মুনাফা অর্জন করতে কোম্পানির মোট বিক্রয় একক ও বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো।
  • —– একক বিক্রয় করে —– টাকা লাভ করতে চাইলে একক প্রতি বিক্রয়মূল্য কত টাকায় নির্ধারণ করতে হবে?
  • যদি স্থির ব্যয় —– টাকা বৃদ্ধি পায়, তবে সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করো।
  • যদি পরিবর্তনশীল ব্যয় —-% বৃদ্ধি পায়, তবে সমচ্ছেদ বিন্দু আগের চাইতে কত শতাংশ বাড়বে অথবা কমবে?
  • যদি পরিবর্তনশীল ব্যয় —-% বৃদ্ধি পায়, তাহলে সমচ্ছেদ বিন্দু (টাকায়) পূর্বের চেয়ে কত হ্রাস বা বৃদ্ধি পাবে?
  • যদি বিক্রয়মূল্য একক প্রতি —-% কমানো হয় এবং বিক্রয়ের পরিমাণ —– একক হয়, তবে সমচ্ছেদ বিক্রয় ও মুনাফা নির্ণয় করো।
সুপ্রিয় শিক্ষার্থী,
দ্বিতীয় পত্রে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিটি অধ্যায়ের প্রশ্ন একটি নির্দিষ্ট ছাঁচে আসে — উদ্দীপকে কী থাকবে, ক-তে কী চাওয়া হবে, খ ও গ-তে কোন ছক আঁকতে হবে, সবই মোটামুটি বাঁধা।

এই তালিকাটি বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা। প্রতিটি অধ্যায় শেষ করে এখানে ফিরে এসো, আর নিজেকে প্রশ্ন করো — “এই প্রশ্নটা এলে আমি কি পারব?” যেটির উত্তরে “না” আসবে, সেটিই তোমার পড়ার জায়গা।

শুধু পড়লেই হবে না — খাতায় হাতে লিখে অনুশীলন করতে হবে। হিসাববিজ্ঞান চোখে পড়ার বিষয় নয়, হাতে করার বিষয়।

কোনো সমস্যা থাকলে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন পাঠিয়ে জেনে নিবে। অধ্যায়ভিত্তিক নমুনা প্রশ্ন ও সমাধান পাবে হিসাববিজ্ঞান ২য় পত্র পাতায়।

ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ ও নিরাপদে থেকো। পড়াশোনায় থেকো। ধন্যবাদ।

— মুহম্মদ জিয়াউর রহমান
সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম ইপিজেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Articles & Posts

🔍 খুঁজুন

🆕 সর্বশেষ পোস্ট

লোড হচ্ছে…

📘 ফেসবুকে যুক্ত থাকো

HSC Accounting — MZRকলেজের ফেসবুক পেজ

ℹ️ এই সাইট সম্পর্কে

এটি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট নয় — বেপজা পাবলিক স্কুল ও কলেজের একজন শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগ। দাপ্তরিক তথ্যের জন্য অফিসিয়াল সাইট দেখুন। বিস্তারিত